থিয়েটারে অর্থ অনুদানের বাস্তবায়ন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা-উত্তর বাংলাদেশে মঞ্চনাটকের জন্য প্রথম সরকার থেকে অর্থ অনুদান দেওয়া হয় ২০১১ সালের মার্চ মাসে। এ সরকার মঞ্চনাটকের বিকাশের জন্য এগিয়ে আসে। থিয়েটারচর্চাকে এগিয়ে নিতে গত বছরের মার্চ মাসে বাজেটে প্রায় ৬২ লাখ টাকা শিল্পকলা একাডেমীর মাধ্যমে মঞ্চনাটকের জন্য বরাদ্দ দেওয়া হয়। দুই বাংলার নাট্যোৎসব, বিভাগীয় নাট্যোৎসব, নাট্য প্রযোজনা, নাট্যবিষয়ক একাধিক কর্মশালা—এসব বিষয়ের ওপর এই বরাদ্দ সরকার থেকে দেওয়া হয়। তবে বাজেটের অর্থ খরচের সময় থাকে মার্চ থেকে জুন। এর মধ্যে খরচ শেষ না করতে পারলে অবশিষ্ট অর্থ সরকারে ঘরে ফেরত যাবে। কিন্তু মার্চ থেকে জুন মাত্র তিন মাস। সময় স্বল্পতার কারণে মাত্র তিন মাসে নির্দিষ্ট বিষয়গুলোর দু-একটি শেষ করা যায়নি। ফলে বরাদ্দের প্রায় ছয় লাখ টাকা সরকারের ঘরে রয়েই যায়। তখন থেকে বাজেট শেষ হওয়ার পরপরই নতুন বছরের জন্য নাটকের অনুদানের অর্থ জুন মাসের পরপরই ছাড় দেওয়ার দাবি করেন নাট্যকর্মীরা। প্রথমে অর্থ মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হলেও এর এখনো কোনো বাস্তবায়ন নেই। এ বছরের জন্য বাজেট-পরবর্তী সময় প্রায় নয় মাস অতিবাহিত হয়ে গেছে। ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী বলেন, ‘গত জানুয়ারির মাঝামাঝি আমরা বিষয়টি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করি। তিনি আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলেন। কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে কোনো অর্থ ছাড় না দিলে সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো কিছু করার নেই বলে জানিয়ে দেয়।’ তিনি আরও বলেন, ‘গত বছর অনুদানটা যখন আমরা পাই, ওই সময়টা থেকে জুন পর্যন্ত অনুদানের টাকাটা খরচের সময়টা খুবই কম ছিল। ফলে অনুদানের পুরো অর্থ দিয়ে স্বল্প সময়ে গুছিয়ে কাজ করা সম্ভব হয়নি। এ জন্য অর্থ মন্ত্রণালয় থেকে এ বছরের জন্য আগেই আমাদের কাছ থেকে কাজ বাবদ পুরো খরচের বাজেট আগে নিয়ে নেয়। যাতে আগেভাগে মন্ত্রণালয় অর্থ ছাড় দিতে পারে। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি প্রতিশ্রুতির মধ্যেই রয়ে গেছে।’ইতিমধ্যে আইটিআই বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। অনুদানের অর্থ ছাড়ের বিষয়টি এখন কোন পর্যায়ে? জানতে চাইলে রামেন্দু মজুমদার বলেন, ‘আমরা কয়েকজন মিলে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তিনি আশ্বাস দিয়েছেন। কিন্তু আদৌ আমরা এবার অর্থ অনুদান পাব কি না, সন্দেহ হয়।’ তিনি আরও বলেন, ‘এ বছরের বাজেট তৈরির সময় আর মাত্র কয়েক মাস আছে। এ মুহূর্তে অনুদান আমাদের কাছে এলে আমরা তা সঠিকভাবে খরচের সময় পাব না। গতবারের সমস্যা এবারও রয়ে যাচ্ছে।’