থিয়েটারে ঠিক সময়টা দিতে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মঞ্চে ইতিমধ্যে নিজেকে উল্লেখযোগ্য অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মুনিরা ইউসুফ মেমী। নিজ দল থিয়েটারের (আরামবাগ) হয়ে নিয়মিতই অভিনয় করছেন তিনি। আজকের সাক্ষাত্কার তাঁর সঙ্গে।এখন দলে কী কী নাটকে কাজ করছেন?দলে এখন বলদ, সাত ঘাটের কানাকড়ি, রূপবান নাটকগুলো নিয়মিতই মঞ্চস্থ হচ্ছে। আমি বলদ নাটকটির কুসুম ও রূপবানের রানী চরিত্রে কাজ করছি। রানী চরিত্রটি আমি নাটকটির শুরুর দিকে প্রায় ১২-১৩ বছর আগে করতাম। পরে নাট্যজনে যোগ দেওয়ার কারণে আর করা হয়নি। দলে ফিরে আবারও এ চরিত্রটি করছি।সম্প্রতি থিয়েটার আরামবাগে নতুন নাটক মনুষ্য মঞ্চে এসেছে। নাটকটিতে আপনাকে দেখা যায়নি কেন?জাহিদ হোসেন শোভনের নির্দেশনায় নাটকটি মঞ্চে এসেছে। দলের সিদ্ধান্তই ছিল নাটকটিতে দলের নতুন ছেলেমেয়েরা অভিনয় করবেন। কর্মশালার মাধ্যমে যাঁরা দলে যোগ দিয়েছেন তাঁরাই মূলত এখানে অভিনয় করেছেন। তবে পুরোনোদের মধ্যে মৌসুমী নাটকটিতে কাজ করেছেন। কারণ মৌসুমী অনেক দিন দলের অন্য নাটকে কাজ করেননি। সামনে দলের নতুন কোনো নাটকে কাজ করবেন কি?গাজী রাকায়েতের লেখা ও নির্দেশনায় একটি নাটকের কাজ শুরু হয়েছিল। এর মধ্যে আমাদের দলের একজন নিয়মিত কর্মী হঠাত্ করেই অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। এ কারণে নাটকটির কাজ বন্ধ আছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই নাটকটির কাজ আবার শুরু হবে। আশা করছি, এ নাটকটিতে আমি কাজ করব।অনেকেই বলছেন ঢাকার মঞ্চে নারী নির্দেশক বা অভিনেত্রীর সংখ্যা অনেক কমে গেছে। আপনার কী মনে হয়?আমার কাছেও তা-ই মনে হচ্ছে। থিয়েটারে সঠিক সময় দিতে হয়, তা না হলে মঞ্চে কাজ করা কঠিন। এখন মেয়েদের মঞ্চের প্রতি দায়িত্ববোধটা অনেকাংশেই কমে গেছে। তবে মেয়েদের ক্ষেত্রে সুবিধা হলো কোনো দলে যদি মেয়ে প্রধান থাকে, তাহলে মেয়েদের কাজের সুযোগটা একটু বেশিই হয় বলে আমার কাছে মনে হয়। আবার দলে মেয়ে প্রধান থাকলেও মেয়েদের কাজের আগ্রহ কম থাকলে সুযোগ পেয়েও লাভ নেই।আমাদের মঞ্চে কি এখন মেয়েদের বেলায় একটু অবহেলা আছে?আমি বিষয়টি সেভাবে দেখছি না। ইচ্ছা-একাগ্রতা থাকলে কেউ-ই ঠেকাতে পারে না। আরেকটি বিষয় হলো, আমাদের এখানে বিয়ের পর মেয়েদের জন্য থিয়েটার করা কঠিন। খুব কম মেয়েই বিয়ের পর থিয়েটার নিয়ে কাজ করতে পারে। থিয়েটার করে যেহেতু কোনো অর্থনৈতিক লাভবান হওয়া যায় না তাই মেয়েদের ক্ষেত্রে সারা জীবন থিয়েটার করা কঠিন। বর্তমান সময়ে নিয়মিত থিয়েটার করতে আসাও কঠিন। মেয়েদের ক্ষেত্রে নিরাপত্তার অভাব থাকে। প্রতিদিন তো আর মেয়ের সঙ্গে অভিভাবক এসে বসে থাকতে পারেন না। এ কারণে ১০-১২ জন মেয়েকে মঞ্চ থেকে ঝরে যেতে দেখেছি।আপনি থিয়েটার (আরামবাগ) থেকে নাট্যজনে যোগ দিয়ে নির্দেশনাও দিয়েছিলেন। থিয়েটারে (আরামবাগ) আবার ফিরে এসে কি নির্দেশনা দেবেন?নাট্যজনে যোগ দিয়ে ভুবনের ঘাটে নির্দেশনা দিয়েছি। তবে থিয়েটারে ফিরে এসে এখন আর নির্দেশনার কথা ভাবছি না। বলতে পারেন এই ভাবনা এখন শূন্যের কোঠায়। এখন অভিনয়টাই করে যেতে চাই। এখানে নির্দেশনা দেওয়ার জন্য একটা সময় বেছে নিতে চাই। সেই সময়টা এলে এবং নিজের প্রস্তুতি সম্পূর্ণ হলেই নির্দেশনার কাজটি ধরব।