থিয়েটারের নতুন নাটক বারামখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রপা মজুমদারের পরিচালনায় যখন থিয়েটারের মুক্তি দেখি, তখনই একটা প্রত্যাশার কথা উচ্চারণ করেছিলাম—এই নাট্যজনের হাত ধরে আগামী দিনগুলোয় আলাদা ধরনের প্রযোজনার স্বাদ পেতে পারি। আমার প্রত্যাশা একটু বেশি মাত্রায়ই পূরণ হয়েছে। বারামখানা নাটকের পর্দা উঠতেই, বলতে গেলে একটু চমকে গেলাম। ঠিক মঞ্চসজ্জায় ব্যতিক্রমী চরিত্রের চমকের কথা বলছি না, প্রথম দৃশ্যেই মনে হলো, সাড়ে তিন দশক ধরে চেনা নাট্যদল থিয়েটারকে নতুন রক্তসঞ্চালনে সঞ্জীবিত করার একটা নান্দনিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন এই দলের সদস্যরা। অভিনবত্বের একটা শপথ তাঁরা এই প্রযোজনার মধ্য দিয়ে উচ্চারণ করতে চেয়েছেন। কুশীলবদের মধ্যে রামেন্দু মজুমদার ও পরেশ আচার্য্য ছাড়া সবাই তরুণ। পর্দা উঠতেই যে দৃশ্যটা আকর্ষণ করে, তার সম্মেলক চরিত্র, মঞ্চজুড়ে ব্যাপকতা এবং পোশাকসজ্জার একরূপতা এমন একটি ছন্দ তৈরি করে, যার কোনো প্রতিরূপ থিয়েটারের আগের কোনো প্রযোজনায় দেখেছি বলে মনে করতে পারছি না। এর মাধ্যমেই একটা বন্ধনের ব্যতিক্রমের ও শিল্পানুগত্যের সংহত ছবি নির্মিত হয়ে যায়। আর বিষয়টা দৃশ্যমানতা থেকে যুগপৎ শ্রুতির মনোযোগ দাবি করে, মিলিত কণ্ঠের গীত শব্দরঙ্গ সৃজিত হয়ে যায়, এটাকেই আমরা থিয়েটার বা নাট্য বলে চিনতে পারি, যেখানে বস্তুই তার সত্তাসহ নির্বস্তুকের আভাস সৃষ্টি করে। শব্দের আবহ দর্শকের মনে একটা মহড়া তৈরি করে। আমরা নাটকের বিষয়ের চেয়ে উপস্থাপনার নান্দনিকতায় মুগ্ধ হয়ে পড়ি, আধুনিক কৌশলে আলোকসম্পাতের মাধ্যমে পর্দার পেছনে জোছনার মুদ্রা দেখা যায়, নদীর চলনরেখা বলে দেয় একটা পরাবাস্তব অস্তিত্বের কথা। আমরা শিল্পালোচনায় যাকে পাশ্চাত্যের অনুসৃতিতে পরাবাস্তববাদ বলে সংজ্ঞায়িত করেছি, তার একটা মানবিক দর্শন তো গড়ে ওঠে লালনের অন্দর-মানুষ থেকে, যাকে আমরা মনের মানুষ বলে শনাক্ত করার একটা অধিপ্রয়াস পাই।সুনীল গঙ্গোপাধ্যায়ের পাঠকপ্রিয় উপন্যাস মনের মানুষ দ্বারা অনুপ্রাণিত থিয়েটারের সাম্প্রতিক প্রযোজনা বারামখানা। অনুপ্রাণনার বিষয়টি অবশ্য সূত্রের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়। যেখানে পৌঁছে এই প্রযোজনা আবার সুচিহ্নিতভাবে আমাদের বহু পরিচিত নাট্যদলের প্রয়োগধারায় মিলে যায়, সেখানে শুধু মরমিয়া আর মনের মানুষ নয়, নাট্যকর্মীদের সামাজিক দায়বদ্ধতার প্রশ্নটা বেশ জোরেশোরেই উচ্চারিত হয়। এ রকমই মনে হয় যে, নির্দেশক মনের মানুষের অস্তিত্ব, কল্পনা, রহস্য, দর্শন এবং এর সহজাত মানবিকতার স্বরূপ অবলোকন করেছেন যে দৃষ্টিকোণ দিয়ে, তার অনেকটাই যে ঝাপসা হয়ে গেছে রাজনীতি আর ধর্ম ব্যবসার লাভ আর ক্ষমতার আড়ালে, এমন এক করুণ বাস্তবতাকে তিনি তুলে আনতে চেয়েছেন। আর সে লক্ষ্যেই তিনি নাটকের কাঠামোর মধ্যে সূত্রধরের চরিত্র সন্নিবিষ্ট করেছেন এবং নিজেই সেই চরিত্রে অভিনয় করে বিভিন্ন বিরতিতে বারবার প্রবেশ করেন মঞ্চে। এতে আধুনিক নাটকে পুরোনো কাহিনি কথনের রীতি যেমন সংযোজিত হয়েছে, আবার তিনিই হয়ে ওঠেন লালন সাঁইকে নিয়ে বিভিন্ন কথ্য ইতিহাসভিত্তিক বিবর্তন এবং সমসাময়িক সাংস্কৃতিক অবক্ষয়ের বিশ্লেষক। নাটক যতই সমাপনী পর্বের দিকে এগোয়, এই বার্তাটা দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার দৃশ্যচয়নও তেমনভাবে ঘটতে থাকে। নির্দেশক অনুষ্ঠানপত্রে তাঁর এই উদ্দেশ্যের কথাটা অকপটে বলেছেন, আর তা থেকে এই মঞ্চায়নের অন্তর্গত, নেপথ্য বা প্রকাশ্য প্রেরণার কথাও আমরা বুঝতে পারি।লালন সাঁইকে নিয়ে একটা প্রযোজনার নাম বারামখানা কেন হলো, সাধারণ দর্শক-শ্রোতার এ বিষয়ে কৌতূহল থাকতেই পারে। নাট্যকাঠামো নির্মাণে এখানে নির্দেশকের পরিকল্পনা বুঝতে কষ্ট হয় না। তাই লালন যে অসাম্প্রদায়িকতার প্রতীক, তা ব্যাখ্যাবিস্তারে হয়তো আরও ভালোভাবে বোঝানো যেত, তেমন দু-একটি প্রাসঙ্গিক গান সংযোজন করা যেত এবং আমার ধারণা, তাতে মঞ্চায়নের লক্ষ্য যেমন বাড়তি মাত্রায় অর্জিত হতো, তেমনি নাটকের প্রথম এবং আরও কয়েকটি দৃশ্য যে সম্মেলক বিন্যাস তৈরি করে, তার মাধ্যমে নাটকের প্রয়োগকলার দিকে আরও একটু বাড়তি ঝোঁকও তৈরি করা যেত। একটি গানের মাধ্যমে একটা খুবই চমৎকার কোরিওগ্রাফি আমরা দেখতে পাই, ভিন্নতর ভঙ্গিতে এমন দৃশ্যের আরও সংযোজন এই নাটককে আরও সমৃদ্ধ করে তুলতে পারে বলে আমার মনে হয়। নাটকের নির্মাণে ও বক্তব্যে তার অবকাশ আছে।এই প্রযোজনার একটি বড় সম্পদ এর মঞ্চসজ্জা। এতে একদিকে যেমন আধুনিকতার লক্ষণ আছে, তেমনি কাহিনির গতি ও অভিনেতা-অভিনেত্রীদের প্রবেশ-চলন-প্রদক্ষিণ সবকিছুকে তা অর্থবহ করে তোলে। খুবই সুন্দর একটা সূচনাসংগীত বারামখানার আদি মর্মবাণীকে সহজেই দর্শকদের কাছে পৌঁছে দেয়। উদ্বোধনী প্রদর্শনীতে যে সময়ের দৈর্ঘ্যে তা পরিবেশিত হয়েছে, তা কমিয়ে দেওয়া উচিত, বরং যখন দৃশ্যান্তর পর্ব ঘটে, তখন তা আবহসংগীতের মতো যদি বাজানো হয়, তাহলে মূল কথার সুরটাও ফিরে আসবে। একঝাঁক তরুণ-তরুণী বেশ ভালো অভিনয় করেছেন, অন্তত নির্দেশকের ইচ্ছেটা পূরণ করতে তাঁরা যে খুবই আন্তরিক, তা বোঝা যায়। থিয়েটারের এই নতুন প্রযোজনা মঞ্চে আনতে বিরতি অনেকটা বেশি হয়ে গেল, কিন্তু প্রযোজনার প্রসাদগুণে তা পূরণ হয়েছে এবং এ নাটক সবাইকে আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস।