নির্দেশকের আমন্ত্রণে নাট্যকার ঢাকার বাইরে এসেছেন একটা দলের রিহার্সেল দেখতে। নির্দেশক স্থানীয় একটি দলের অনুরোধে নির্দেশনার কাজটি করছেন। নাট্যকারের সব সময়ই একটা কৌতূহল ছিল মফস্বলের দলগুলো সম্পর্কে। স্থানীয় শিল্পকলা একাডেমীর মহড়াকক্ষে চলছে নাটকটির মহড়া। নাট্যকার মনোযোগ দিয়ে মহড়া দেখছেন। নির্দেশক আজ ভয়ানক উত্তেজিত। সচরাচর এমনটি দেখা যায় না। বারবার মহড়া থামিয়ে দিয়ে কথা বলছেন। একপর্যায়ে তাঁর উত্তেজনা রীতিমতো গালাগালির পর্যায়েই চলে গেল। নাট্যকার কোনো কথা বলবেন না ভেবেছিলেন। কিন্তু পরিস্থিতিটাকে একটু হালকা করতে গিয়ে কথা বলতে শুরু করলেন, ‘আপনারা নাটকটা কোন ভাষায় করছেন?’নাট্যকারের এ রকম প্রশ্নে সবাই কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। কারও মুখেই কোনো কথা নেই। একজন তরুণ সদস্য সাহস করে বললেন, ‘বাংলা ভাষায়।’ নাট্যকার উত্তরটা লুফে নিলেন, ‘সে তো নাট্যকারের ভাষা। কিন্তু আপনারা কোন ভাষায় করছেন?’ নির্দেশক যেন একটা রাস্তা পেলেন, ‘এতক্ষণ আমি নানাভাবে এ কথাটি বলার চেষ্টা করেছি কিন্তু আপনাদের বোঝাতে পারিনি। নাটকটা করতে হবে থিয়েটারের ভাষায়। নাট্যকারের ভাষা থিয়েটারের ভাষার একটি অংশ মাত্র।’ একজন কৌতূহলী অভিনেতা এবার মুখ খুললেন, ‘আমরা ঠিক আপনার কথাটি বুঝতে পারলাম না। থিয়েটারের ভাষা বিষয়টি যদি একটু বুঝিয়ে বলেন, তাহলে খুব ভালো হয়।’ নির্দেশক বলতে শুরু করলেন, ‘আমরা কি শুধু মুখ দিয়েই কথা বলি? বলি না, তার সঙ্গে নানা রকম অবাচনিক ভাষা, দেহভঙ্গিমা, হাঁটাচলা এসবও প্রয়োগ করি। দৈনন্দিন জীবনে তা আমরা খুব স্বাভাবিকভাবেই করে থাকি। কিন্তু থিয়েটারে তা বিশেষ গুরুত্বের সঙ্গে এবং ভেবেচিন্তে করতে হয়। আর তা করতে হয় নাটককে নাট্যকলায় পরিণত করার জন্য। নাটকটির একটি ব্যাখ্যা দর্শকশ্রোতার সামনে তুলে ধরার জন্য। মঞ্চে উচ্চস্বরে নানা ভঙ্গিমাসহ সংলাপ উচ্চারণ যেমন থিয়েটারের ভাষা, ঠিক তেমনি একটি সংলাপ থেকে আরেকটি সংলাপ উচ্চারণের মাঝে একটু চুপ করে থাকা অর্থাৎ শব্দহীনতাও থিয়েটারের ভাষা। বাচনিক ভাষাই শুধু ভাষা নয়, থিয়েটারের ভাষার পরিধি অনেক ব্যাপক আর বিস্তৃত। মঞ্চে আলো-অন্ধকার, সংগীত-নৃত্য, দাঁড়িয়ে থাকা, চলাফেরা করা, পোশাক-আশাক, আসবাবপত্র সবকিছুই এই থিয়েটারের ভাষার অন্তর্গত।‘নাটক করতে হয় থিয়েটারের ভাষায়। এই যেমন সংলাপ বলার সময় আমরা বাক্যের আগে-পরে বা মাঝে নানা রকম অর্থহীন ধ্বনির ব্যবহার করে থাকি, এগুলো আসলে কী? এসব কিছু তো নাট্যকার তাঁর নাটকের কোথাও লেখেননি। এসব অর্থহীন ধ্বনিও থিয়েটারের ভাষা। থিয়েটারের ভাষার বড় দুটি উপাদান মুখের ভাষা ও দেহের ভাষা। মুখের ভাষায় আমরা যে সংলাপটুকু উচ্চারণ করি তা একটি নাটকের কোনো চরিত্র, ঘটনা বা ভাবকে তুলে ধরার জন্য যথেষ্ট নয়, বেশির ভাগ সময়ই তাকে শরীরের ভাষা দিয়ে সহায়তা, সমর্থন করতে হয়।’ নির্দেশক এটুকু বলেই থামলেন—আজ আর নয়, আজ মহড়াও নয়। সবাই যেন তা-ই চাইছিল।