থিয়েটারের সীমানা ছাড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারবালার জারি নাটকের দৃশ্য
কারবালার জারি নাটকের দৃশ্য

১১ মার্চ মঞ্চের পরিসর ভেঙে গোটা মিলনায়তনই হয়ে উঠেছে কারবালা—মঞ্চ। দৃশ্যের সঙ্গে দৃশ্য জোড়া দিয়ে মীর মশাররফ হোসেনের বিষাদসিন্ধু উপন্যাসের আবহ—যুদ্ধের দামামা, আহাজারিময় কান্না ও বিষণ্নতা কেবল মঞ্চেই নয়, ছড়িয়ে পড়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলের সমগ্রজুড়ে। রেজা আরিফ নির্দেশিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নতুন প্রযোজনার চমৎকারিত্ব নিঃসন্দেহে এখানে নয়।
নাটকের নাম কারবালার জারি। নাটকটির অবলম্বন বিষাদসিন্ধু। তবে উপন্যাসের গোটা আখ্যান নয়, প্রযোজনাটি দৃশ্যমান হয়েছে শুধু এর মহররম পর্বকে ঘিরে। কাহিনিটি প্রায় সবারই জানা, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দুই দৌহিত্র ইমাম হাসান ও ইমাম হোসেনের সঙ্গে পারিবারিক ও রাজনৈতিক কারণে ঘোর শত্রুতা হয় মুয়াবিয়ার ছেলে এজিদের। পরিণতিতে হাসানের স্ত্রী জায়েদার বিশ্বাসঘাতকতায় বিষক্রিয়ায় মৃত্যু হলো তাঁর। আর সিমারের আঘাতে হোসেন নিহত হলেন কারবালার ধু ধু প্রান্তরে।
এই কাহিনির চিত্রায়ণে মঞ্চকে ভারাক্রান্ত করা হয়নি সেভাবে, শুধু কয়েকটি ছোট ছোট বক্স, লাঠি, ওড়না—দ্রব্যাদি বলতে এগুলোই। নিরাভরণতার সঙ্গে বেশ মানিয়ে গেল মঞ্চসজ্জা ও নাটকের গড়ন।
নাটকের শুরুতেই দেখা গেল অভিনবত্ব, মঞ্চের পেছন ভাগে স্বচ্ছ কাপড়ের আবরণ টানানো, সেখানে আসন নিয়েছে সংগীত দল। পুরো নাটকে এখানে বসেই গান ও আবহ সংগীতে আখ্যানের বিস্তার ঘটিয়েছে তারা।
ঐতিহ্যবাহী বাংলা নাটকের প্রেক্ষাপটে সংগীত দলের মঞ্চে থাকাটা রীতিসিদ্ধ হলেও অনেক ক্ষেত্রেই আজকাল এটি ঘটে মঞ্চের আড়ালে। তবে এ প্রযোজনায় স্বচ্ছ কাপড়ের ফোকর গলে সংগীত দলকে দেখতে পাওয়ার ফলে বিষয়টি যেমন নতুনত্ব জাগিয়েছে, নাটকটিও তেমনি হয়ে উঠেছে জীবন্ত।
প্রযোজনাটিতে আছে বাংলা বর্ণনাত্মক রীতি ও চরিত্রাভিনয় রীতির মিশেল। পাশাপাশি নানা খেলা-কসরতের স্পর্শও পাওয়া যায়। আর কারবালার জারি নামে প্রযোজনাটি হুবহু জারিগান নয়, জারির আদলেও নয়; বরং তার চেয়েও বেশি ভেসে ওঠে আহাজারির স্বর, ‘হায় হাসান, হায় হোসেন’। শুরু থেকে শেষাবধি নানা তরঙ্গে এখানে পাওয়া যায় ওই মাতম।
‘কেবলই দৃশ্যের জন্ম হয়’—জীবনানন্দ দাশের পঙ্ক্তি ধার করে এ নাটক সম্বন্ধে, দৃশ্যগুলো সম্পর্কে কিছু কথা তো বলাই যায়। তবে সেই দৃশ্যগুলো কীভাবে আকার পায়, গড়ে ওঠে; এবং আবার মিলিয়ে যায়—বিষয়টি খোলাসা করলে পুরো মিলনায়তন কেন মঞ্চ হয়ে উঠল, হয়তো বোঝা যাবে সেটিও। মঞ্চ ছাড়াও পরীক্ষণ থিয়েটার হলের বিভিন্ন স্থান থেকে অভিনয় করেছেন নাটকের পাত্র-পাত্রীরা। তাঁদের প্রবেশ-প্রস্থানের ক্ষেত্রেও অনুসৃত হয়েছে এই পদ্ধতি।
এখানে কয়েক বাক্যে নাটকের একটি দৃশ্য টুকে রাখা যাক: বিপুল বিক্রমে এজিদ বাহিনীকে পরাস্ত করে ফোরাত নদীর তীরে একাকী দাঁড়িয়ে আছেন ইমাম হোসেন। এ সময় তাঁর মনে পড়ছে, ফোরাতের এক ফোঁটা পানির অভাবেই তো মারা গেছে তাঁর অনেক পরিজন। এখন তৃষ্ণার্ত তিনি কি মুখে দেবেন এই জল? ফোরাত-জলের দিকে এগিয়ে গেলেন হোসেন, জল মুখে না তুলে ফিরেও এলেন আবার।
এই দৃশ্যের এক পাশে হাহাকার, অন্য পাশে আছে হোসেনের নিঃসঙ্গতা। দৃশ্যটিকে ফুটিয়ে তুলতে আলোর মাধ্যমে নির্দেশক মঞ্চজুড়ে ছড়িয়ে দিলেন পানির আস্তরণ। দৃশ্যটি মুহূর্তে গড়ে উঠে মিলিয়ে গেল খানিক পরে। আর দেখছি, ওই দৃশ্যে জলধারার ভেতর দাঁড়িয়েও পানি স্পর্শ করছেন না হোসেন। পুরো বিষয়ের মধ্যে একধরনের নৈঃশব্দ্য আছে, যা আরও মনোরম করে তুলেছে দৃশ্যকে।
পাণ্ডুলিপির কারণেই প্রযোজনাটির গড়ন খানিকটা উচ্চস্বরের, ফলে এখানে নৈঃশব্দ্যের জায়গাটি একটু বেশিই কম বলে মনে হয়। এ ঘাটতি পূরণ করলে নাটকটি আরও নান্দনিক হয়ে উঠবে, সন্দেহ নেই।
অভিনয়, আলো, মঞ্চ ও পোশাক—সবই সংগতিপূর্ণ। তবে কারবালার জারি দর্শকের মনে থাকবে এর নির্দেশনা তথা ‘ডিজাইন’-এর কারণে। রেজা আরিফ আরও বেশ কয়েকটি নাটকের নির্দেশনা দিয়েছেন। কিন্তু এ নাটকে তিনি অনন্য। কেননা শেষ পর্যন্ত প্রযোজনাটি কেবল বিষাদসিন্ধুর একটি উপাখ্যান নয়, কেবল থিয়েটার নয়, থিয়েটারের প্রথাগত সীমানা ছাড়িয়ে সে যেন হেঁটেছে আরেকটু পথ।