এখন যাত্রার ভরা মৌসুম। কিন্তু কোথাও যাত্রা নেই। হঠাৎ থেমে গেছে যাত্রার বাদ্যি-বাজনা। বিভিন্ন জেলার স্থানীয় প্রশাসন সব যাত্রার প্রদর্শনী স্থগিত করেছে। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার এক ঐতিহ্যবাহী মেলায় বোমা হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্য বছরগুলোর মতো এ মৌসুমেও যাত্রা শুরু হয় উৎসাহ-উদ্দীপনার সঙ্গে। যাত্রাদলের মালিকেরা ব্যস্ত ছিলেন বায়না ধরার কাজে। যাত্রাশিল্পে যখন টান টান উত্তেজনা, ঠিক তখন কান্তজিউর রাসমেলায় যাত্রা অনুষ্ঠানে বোমা হামলা হয়। এ ঘটনায় কয়েকজন আহত হন। যাত্রার প্রদর্শনী স্থগিত হওয়ার পর যাত্রাশিল্পীদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।
যাত্রা মালিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘একটি অশুভ চক্র এ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই নগ্ন বহিঃপ্রকাশ দিনাজপুর যাত্রামঞ্চে বোমা হামলা। এই দুষ্ট চক্রটি বারবার আমাদের শিল্প-সংস্কৃতির ওপর আঘাত হানছে। ২০০৫ সালে বিভিন্ন স্থানে তারা যাত্রা আর সার্কাসের ওপর আক্রমণ করেছিল।’
মোশাররফ হোসেন আরও বলেন, ‘দিনাজপুরের ওই প্যান্ডেলে যেদিন হামলা হয়, সেদিন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা অবলম্বনে যাত্রাপালা প্রদর্শিত হচ্ছিল। এটা খুব স্পষ্ট, আমাদের সাহিত্য ও সংস্কৃতির শেকড় তারা উপড়ে ফেলতে চায়।’
জানা গেছে, যেসব যাত্রাদল বিজয়ের মাসে বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিল, প্রশাসনের নির্দেশে তাও করা সম্ভব হয়নি।