থেমে নেই ভিডিও পাইরেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিডিও পাইরেসির অন্যতম হোতা বিপ্লবকে আটক করা হলেও থেমে নেই ভিডিও পাইরেসি। গত বুধবার সদ্য মুক্তি পাওয়া প্রেমে পড়েছি ছবিটির ভিডিও সিডি বাজারে ছেড়েছে একটি সংঘবদ্ধ চক্র। এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নেতারা এবং ছবির প্রযোজক কাওসার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়ে বিভিন্ন স্থান থেকে জব্দ করেছেন অবৈধ পাইরেটেড সিডি। এদিকে বিপ্লবের সহযোগীদের গ্রেপ্তারের জন্য গত বুধবার রাত থেকেই বিভিন্ন স্থানে অভিযান চলছে। অভিযোগ পাওয়া গেছে, ভিডিও পাইরেসি দলের সদস্যরা মুঠোফোনে বিভিন্ন প্রযোজককে নানা ধরনের হুমকি দিচ্ছে।আবার ছবি পাইরেসির ঘটনায় আতঙ্কিত এখন ছবির প্রযোজকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রযোজক বলেন, ‘বিপ্লবকে আটক করার পর যতটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি, এখন ততটাই আতঙ্কিত হয়ে পড়ছি।’কাওসার বললেন, ‘একজন বিপ্লব আটক হলেও তাঁর সহযোগীরা নিজেদের কার্যক্রম অব্যাহত রেখেছেন। যদি পুরো দলটিকে ধরা না যায়, তবে ভিডিও পাইরেসি রোধ হবে না। চলচ্চিত্রশিল্প ধ্বংস হয়ে যাবে।’ প্রযোজক-পরিবেশক সমিতির সহসভাপতি খসরু বললেন, ‘বিপ্লব ধরা পড়লেও এই চক্রের আরেক সদস্য হাকিম এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। ফলে পাইরেসির আশঙ্কা থেকেই যাচ্ছে। কেউই আমরা নিশ্চিন্তে নতুন চলচ্চিত্র মুক্তি দিতে পারব না।’ এদিকে চলচ্চিত্রের অশ্লীলতা ও ভিডিও পাইরেসিবিরোধী টাস্কফোর্সের আহ্বায়ক মেজর মাসুম আহমেদ বলেন, ‘পাইরেসির খবর পাওয়ার পরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপ্লবের সহযোগীদের আটক করার সব ধরনের চেষ্টা আমরা অব্যাহত রেখেছি।’