থেরনের বার্তা, আমরাও পারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাড ম্যাক্স: ফিউরি রোড
ম্যাড ম্যাক্স: ফিউরি রোড

‘আই বেগ ইয়োর পারডন। জেনিফার, কী বললে, শুনিনি ঠিকমতো। আরেকবার বলবে?’ এজেন্ট ঠিকই শুনেছেন। কিন্তু তাঁর ঠিক বিশ্বাস হচ্ছে না নিজের কানকেই।
জেনিফার লরেন্স এবার স্পষ্ট করে বললেন, ‘টুয়েন্টি, টুয়েন্টি মিলিয়ন ডলার।’
ফোনের ও-প্রান্ত থেকে নাকি আর এজেন্টের প্রত্যুত্তর শোনা যায়নি। হাত থেকে মুঠোফোনটা ধপাস করে মাটিতে খসে পড়েছিল, নাকি তিনি নিজেই পপাত ধরণিতল; এ নিয়ে অবশ্য দ্বিমত আছে। এমনই একটা কৌতুক ছড়িয়ে পড়েছে হলিউডের বাজারে। সম্প্রতি লরেন্স এক ছবির জন্যই দুই কোটি ডলার হেঁকে বসেছেন খবরটা চাউর হওয়ার পরই এই কৌতুক।

.
.

কিন্তু কেন? একজন অভিনেত্রী কি দুই কোটি ডলার চাইতে পারেন না? এই প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে গণতন্ত্রের ধ্বজাধারী মার্কিন সমাজে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির আসল রূপটা। গত বছর ফাঁস হয়ে যায়, হলিউডে অভিনেতারা প্রতি ছবিতে পারিশ্রমিক হিসেবে যা পান, বেশির ভাগ অভিনেত্রী পেয়ে থাকেন তাঁর অর্ধেক, ক্ষেত্রবিশেষে অর্ধেকেরও কম।
ড্রামা বা রোমান্টিক ধাঁচের ছবিগুলো বাদে হলিউডের অ্যাকশন ছবিতে নারীদের হাজির করাই হয় মূলত পর্দায় রূপের ঝলক একটু বাড়ানোর জন্য। হালের ট্রান্সফরমার সিরিজ যার সবচেয়ে বড় উদাহরণ। ছবির নায়িকার আর কোনো গুণ না থাকুক, রূপ তার আগুন-জ্বলা।
তবে দৃশ্যপট পাল্টাচ্ছে। তাতে অনেকাংশে নেতৃত্ব দিচ্ছেন লরেন্স নিজেই। ড্রামা ও অ্যাকশন ধাঁচের সফল সিরিজ হাঙ্গার গেমস-এর মূল চরিত্র তিনি। শুধু মূল চরিত্রই নয়, সেখানে যেন তিনি লড়াই করছেন মহাশত্তিধর একটা পুরুষ গোষ্ঠীর বিরুদ্ধে, যাদের ইচ্ছাতে সবকিছু হয়—ঝড় নামে, বজ্রপাত হয়!
লরেন্স নতুন প্রজন্মের অভিনেত্রী। ‘আমরা নতুন যৌবনেরই দূত’ তো তিনি গাইবেনই। তবে এবার সবাইকে চমকে দিয়েছেন শার্লিজ থেরন। মনস্টার-এ সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করে একবার ধাক্কা দিয়েছিলেন, সেটাও এক যুগ আগে। প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে গুরুত্বপূর্ণ বিভাগে অস্কার জেতা থেরন এবার অভিনয় করেছেন দুদ্দাড় অ্যাকশনে ভরপুর ছবি ম্যাড ম্যাক্স: ফিউরি রোড-এ। অবশ্যই অন্যতম প্রধান চরিত্রে।
জর্জ মিলারের ম্যাড ম্যাক্স সিরিজের যাত্রা শুরু হয়েছিল ৩৬ বছর আগে। এককালে ব্রেভ হার্ট তারকা মেল গিবসন তাতে অভিনয় করেছেন। এরপর সিরিজের আরও তিনটি ছবি হয়েছে। ফিউরি রোড মুক্তি পেয়েছে গত সপ্তাহে।
ছবির গল্পটা ভবিষ্যতের। বলা ভালো অন্ধকার এক ভবিষ্যৎ, সবুজ পৃথিবী যখন স্রেফ একটা মরুভূমি। এমনই এক মরুশহরে ছবির গল্প, যেখানে জ্বালানি আর পানীয়জল দুটোই সমান দুষ্প্রাপ্য। দলের নেতা ইম্মর্টান জো জ্বালানি সংগ্রহ করে আনার নির্দেশ দেন ইম্পেরেটর ফুরিওসাকে (থেরন)। অস্ত্রসজ্জিত ট্যাংকার ট্রাক নিয়ে বেরিয়ে পড়া ফুরিওসা একসময় অন্য পথে চলে যান। ফুরিওসাকে পাকড়াও করতে জো তাঁর পুরো বাহিনীকে লেলিয়ে দেন। শুরু হয় মরুর দীর্ঘ পথে এক অন্তহীন লড়াই। যে লড়াইয়ে ফুরিওসার পাশে এসে দাঁড়ায় ম্যাক্স (টম হার্ডি)।
ছবিটা এরই মধ্যে বক্স অফিসে আলোড়ন তুলেছে। এমন একটা চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ায় থেরন ধন্যবাদ জানিয়েছেন মিলারকে। সিগমুন্ড ফ্রয়েডের ‘ম্যাডোনা-হোর’ কমপ্লেক্স তত্ত্বের উদাহরণ টেনে থেরন বলেছেন, ‘পুরুষেরা নারীদের শুধু দুটো দৃষ্টিভঙ্গি থেকেই দেখে এসেছে—হয় সন্ত ম্যাডোনার মতো নারী, নয়তো পতিতা।’ থেরন বলেন, ‘জর্জ শুধু দেখিয়েছেন নারীদের ব্যক্তিত্বটা আসলে কী, যেটা অনেক শক্তিশালী। আমরা শুধু প্রতিপালনের কিংবা সন্তান জন্ম দেওয়ার জন্য জন্মাইনি। আমাদের মধ্যেও আছে লড়াকু সত্তা।’
স্বাভাবিকভাবেই বিতর্কও চলছে। মেনস রাইটস অ্যাকটিভিস্ট নামের একটি সংগঠন ছবিটিকে ‘অতিমাত্রায় নারীবাদী’ অভিধা দিয়ে তা বয়কট করার আহ্বান জানিয়েছে। সাধারণ দর্শক ভাবছে, ‘ল্যাও ঠ্যালা। দেখতে এলাম অ্যাকশন ছবি, এখন কী সব ফ্রয়েড-ফেমিনিস্ট নামের ভারী ভারী কথা শুনতে হচ্ছে।’
অ্যারন ক্লারে নামের প্রভাবশালী এক ব্লগার তো রীতিমতো ধুয়ে দিয়েছেন। এই ছবি নাকি ফেমিনিস্ট প্রোপাগান্ডা। এটা মার্কিন সংস্কৃতিকে অবজ্ঞা করেছে, মার্কিন রীতি...।
জবাবে তাঁকে শুধু একটা কথাই মনে করিয়ে দেওয়া হয়েছে, ম্যাড ম্যাক্স একটা অস্ট্রেলিয়ান ফ্রাঞ্চাইজি, পরিচালনা করেছেন একজন অস্ট্রেলীয়, প্রধান চরিত্রে অভিনয় করেছেন একজন দক্ষিণ আফ্রিকান আর ব্রিটিশ।
থেরন বাহবা পাচ্ছেন। শাবাশ, এ-ই তো চাই! ম্যাড ম্যাক্স: ফিউরি রোড ছবিটি কাল শুক্রবার থেকে দেখা যাবে ঢাকার স্টার সিনেপ্লেক্সে।
রাজীব হাসান, গার্ডিয়ান অবলম্বনে