সিং ইজ কিং, ওয়েলকাম, নো এন্ট্রি, পেয়ার তো হোনা হি থা ইত্যাদি সফল ছবির গুরু পরিচালক আনিস বাজমি আসছেন থ্যাঙ্ক য়্যু নিয়ে। অক্ষয় কুমারের সঙ্গে এই প্রথম কোনো ছবিতে জুটি বেঁধেছেন সোনম কাপুর। অক্ষয়ের পর্দা-বন্ধু সুনিল শেঠি, পর্দার বাইরে প্রিয় বন্ধু ববি দেওলও আছেন ছবিতে। আছেন রিমি সেন, সেলিনা জেটলি ও ইরফান খান। এমনকি অক্ষয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। বিদ্যা অবশ্য ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। এত তারকার সমাবেশ এই এক রোমান্টিক কমেডি ছবিতে, সুতরাং চোখ বন্ধ করেই বলা যায়, আগামী বছরের গ্রীষ্মে বক্স অফিসে উত্তাপ ছড়াতে আসছে থ্যাঙ্ক য়্যু। এ ছবির শুটিং করতে গিয়েই গাড়ি দুর্ঘটনায় হাজতে যেতে হয়েছিল অক্ষয়কে। অবশ্য জেলে দিন কাটানোর আগেই মুক্তি পেয়ে যান অক্ষয়। টরন্টোয় এ ছবির শুটিং করতে গিয়েই টাইফয়েডে আক্রান্ত হন সোনম। ছবির কাহিনি সোনম-অক্ষয়কে নিয়েই। টেনিস খেলোয়াড় সোনম প্রেমে পড়ে ‘বিশ্বপ্রেমিক’ অক্ষয়ের। এরপর আনিস বাজমির ছবির কাহিনি যেভাবে ঘুরপাক খায়, এ ছবিও হয়তো তা থেকে ব্যতিক্রম হবে না। সূত্র: ওয়েবসাইট