
বিভিন্ন পেশার ১০ জন এসে হাজির হন বাংলাদেশের পার্বত্য জেলার প্রত্যন্ত এক অঞ্চলে। চূড়ান্ত গন্তব্য নুলিয়া ছড়ি পাহাড়। মুঠোফোনের নেটওয়ার্কবিহীন খুবই দুর্গম পাহাড়সারির কারণে এ দিকটা পর্যটকেরাই শুধু নন, স্থানীয়রাই এড়িয়ে চলে। খাদের ওপর ঝুলন্ত ব্রিজ পার হয়ে অতিথিরা যেখানে পৌঁছান, সেখানে রশীদ চৌধুরীর বাড়িটাই সভ্যতার একমাত্র চিহ্ন। তাঁদের স্বাগত জানায় এক আদিবাসী অতিথি। লাঞ্চে অতিথিদের জন্য অপেক্ষা করছিল এক চমক। রশীদ চৌধুরীর পরিবর্তে একটি ভিডিও সবাইকে স্বাগত জানায় এবং প্রত্যেকের নামে একটি করে হত্যার অভিযোগ করে। জমে ওঠে কাহিনি। এ রকম একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে থ্রিলার ছবি কালের পুতুল। এটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব। অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, শাহেদ আলী, বীথি রানী সরকার, রাইসুল ইসলাম আসাদ, লুৎফর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু, আশিষ খন্দকার, ঋতু সাত্তার, আরিফ অর্ক, জান্নাতুন নূর মুন। ছবিটির সংগীত পরিচালনা করেছেন সানি জুবায়ের। পরিচালক জানালেন ঢাকা ও ঢাকার বাইরের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।