দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক দূত তিশা

অভিনয়শিল্পী তিশা এবার দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক দূত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১০ সেপ্টেম্বর তিশাকে এই নিয়োগ দেওয়া হয়। নিয়োগপত্রে সই করেছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইয়ান বিয়ং সে। আর এই নিয়োগ দেওয়া হয়েছে দুই বছরের জন্য।
গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া দূতাবাসের প্রশাসনিক ও সাংস্কৃতিক কর্মকর্তা নাঈম সিদ্দিকী জানান, বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি হচ্ছে এ বছর। তাই বছরব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে সাংস্কৃতিক দূত হিসেবে তিশাকে নিয়োগ দেওয়া হয়। সাংস্কৃতিক দূত হিসেবে তিশা বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার দূতাবাস আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেবেন।
নাঈম আরও জানান, আগামী সোমবার এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ান-ইয়ং আনুষ্ঠানিকভাবে তিশার হাতে এই নিয়োগপত্র তুলে দেবেন।
এদিকে তিশা তাঁর অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘একটি দেশের সাংস্কৃতিক দূত হওয়া মানে অনেক বড় দায়িত্ব। একটু তো ভয় লাগছেই। আবার পুরো ব্যাপারটি আমি ও আমার পরিবার দারুণ উপভোগ করছি।’
জানা গেছে, আগামী ৩ অক্টোবর দক্ষিণ কোরিয়ার জাতীয় দিবস। এদিন দূতাবাস থেকে আয়োজন করা হবে নানা অনুষ্ঠানের। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে ৪ ও ৫ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হবে অনুষ্ঠান ‘চার্ম অব কোরিয়া, মিরাকল অব মিউজিক’। আন্তর্জাতিক এই অনুষ্ঠানে অংশ নেবেন দক্ষিণ কোরিয়ার শিল্পীরা। একই অনুষ্ঠান হবে ৭ অক্টোবর চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে।