দক্ষিণ কোরিয়ায় নাট্যনির্দেশনায় ইসরাফিল শাহিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের সাবেক চেয়ারম্যান ইসরাফিল শাহীন নাটক নির্দেশনার উদ্দেশ্যে আজ দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন। এশিয়া থেকে এবার একমাত্র তিনিই মনোনীত হয়েছেন। কোরিয়ান থিয়েটার ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের (কেটিডিএ) আমন্ত্রণে ওখানে মঞ্চনাটকের নির্দেশনা দেবেন তিনি। ১৮ মার্চ পর্যন্ত থেকে সেখানকার পেশাদার অভিনেতা-অভিনেত্রীদের অংশগ্রহণে আমেরিকান নাট্যকার ইউজিন ও’নিলের ডিজায়ার আন্ডার দ্য এলমস তিনি নির্দেশনা দেবেন। নাটকটি কোরিয়ান ভাষায় উপস্থাপিত হবে।কাজের ক্ষেত্রে এ আমন্ত্রণ রোমাঞ্চকর হবে বলে মনে করছেন তিনি। ‘একজন নাট্যপরিচালক সব সময় একটি মহড়াকক্ষ খুঁজে বেড়ান। মহড়ার কোনো স্থান-কাল-পাত্র নেই। পুরো পৃথিবীটাই নাটকের ঘর। আমি যখন এনএসডি (ন্যাশনাল স্কুল অব ড্রামা) থেকে পাস করি, এর পর থেকেই ভারতের বিভিন্ন ভাষায় ও অঞ্চলে নাটক পরিচালনার কাজ করেছি। তবে এবার দক্ষিণ কোরিয়ায় নাটক পরিচালনার কাজটি আমার জন্য রোমাঞ্চকর।’ বলছিলেন ইসরাফিল শাহিন। কারণ হিসেবে তিনি যোগ করলেন এভাবে, ‘দক্ষিণ এশীয় ভাষা ও সংস্কৃতি থেকে এর অনেক ভিন্নতা আছে। ওখানকার নাট্য-ঐতিহ্যের গড়নটাও আলাদা। আমি আমার এ কাজের মধ্য দিয়ে সাংস্কৃতিক এ ভিন্নতাকে উদ্যাপন করব। আমি নিশ্চিত, এই উদ্যাপনের মাধ্যমে জীবন ও নাটক নিয়ে আমি নতুন কিছু শিখতে পারব।’কাজের সুযোগ পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘কোরিয়ান থিয়েটার ডিরেক্টরস অ্যাসোসিয়েশন পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই প্রতিবছর একজন করে নাট্যপরিচালককে আমন্ত্রণ জানায় আবাসিকভাবে দীর্ঘদিন কাজ করার জন্য। গত বছরের জুলাই মাসে আমি যখন আমার পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের প্রযোজনায় বার্টল্ট ব্রেখটের সিদ্ধান্ত নাটকটি একটি যুব-উৎসবে মঞ্চস্থ করতে দক্ষিণ কোরিয়া যাই, তখন বিষয়টি চূড়ান্ত হয়। তাঁরা আমার নাটকটি উপভোগ করেন।’কবে নাগাদ নাটকটি নিয়ে কাজ শুরু হবে? ‘ওখানে ফেব্রুয়ারির ৪ তারিখে অডিশনের মাধ্যমে নির্বাচিত একদল পেশাদার অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে আমেরিকান নাট্যকার ইউজিন ও’নিলের ডিজায়ার আন্ডার দ্য এলমস নাটকটি নিয়ে কাজ করব। অডিশনে অংশ নেবে কোরিয়ার প্রায় এক শ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্রছাত্রীরা। নির্বাচিত অভিনেতা-অভিনেত্রীরা কোরীয় ভাষায় মার্চের ১৬, ১৭ ও ১৮ তারিখে দর্শকের সামনে নাটকটি উপস্থাপন করবেন।’