দক্ষিণ কোরিয়ায় মহাজনের নাও
দলের চলতি প্রযোজনা মহাজনের নাও নাটকটি নিয়ে দক্ষিণ কোরিয়া গেল সুবচন নাট্যসংসদ। ২৭ জুলাই থেকে ১৫ আগস্ট ২০১২ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত হবে ২৪তম কেয়োচং ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব থিয়েটার। উৎসবে ৯ ও ১০ আগস্ট জিয়োচং-গান এলাকায় সান থিয়েটার মঞ্চে নাটকটির দুটি প্রদর্শনী করবে সুবচন। এর আগে ৬ আগস্ট ১৯ সদস্যের নাট্যদলটি কোরিয়ার উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করে। রওনা হয়ে যাওয়ার আগে সুবচনের দল প্রধান আহম্মেদ গিয়াস বলেন, ‘আমরা প্রথমবারের মতো এ ধরনের উৎসবে অংশ নিচ্ছি। দলের সদস্যরা খুবই খুশি। এটা আমাদের দলের জন্য বড় অর্জন।’স্বাগতিক দক্ষিণ কোরিয়াসহ ১২টি দেশের ৪৭টি সংগঠন ও ৫৫টি দল মিলে সর্বমোট ২০০টি নাট্য প্রদর্শনীর হবে এই উৎসবে। অংশগ্রহণকারী অন্য দেশগুলো হলো যুক্তরাজ্য, ইসরায়েল, জাপান, বুলগেরিয়া, রাশিয়া, স্পেন, ইটালি, জাম্বিয়া, চীন, মালদোভা প্রভৃতি। ২০১০-১১ সালের একাধিক দলের নাটকগুলো বিবেচনায় নিয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই মনোনয়ন প্রদান করে। প্রয়াত বাউল শাহ আব্দুল করিমের জীবন ও দর্শননির্ভর ‘মহাজনের নাও’ নাটকটি লিখেছেন শাকুর মজিদ এবং নির্দেশনা ও পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন: আহাম্মদ গিয়াস, আনসার আলী, আছাদুল ইসলাম, সোনিয়া হাসান, সাইফুল ইমাম দিপু, মনিরুল হোসেন শিপন, লিঠু রাণী মণ্ডল প্রমুখ।