দক্ষিণ ত্রিপুরায় ‘মহাজনের নাও’
একুশে ফেব্রুয়ারি সন্ধ্যায় ভারতের দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া টাউন হল মিলনায়তনে মঞ্চস্থ হলো সুবচনের নতুন নাটক মহাজনের নাও। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে স্থানীয় প্রেসক্লাব দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। সুবচন অংশ নেয়এখানে। স্থানীয় টিভি চ্যানেল নাটকটির প্রদর্শনী সরাসরি সম্প্রচার করে। শাকুর মজিদের লেখা এ নাটকের নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। জানা গেছে, সুবচনের সদস্যরা একুশে ফেব্রুয়ারি সকালে প্রভাতফেরিতে অংশ নেন। রাজ্য বিধানসভার বিধায়ক বাসুদেব মজুমদার, বাংলাদেশের নাট্যজন ম হামিদসহ স্থানীয়রা অংশ নেন প্রভাতফেরিতে। স্থানীয় শহীদ মিনারে আয়োজন করা হয় অনুষ্ঠানের। সুবচনের প্রধান সম্পাদক আহাম্মেদ গিয়াস বলেন, ‘দেশের বাইরে মহাজনের নাও নাটকটির এটাই ছিল প্রথম প্রদর্শনী। নাটকটি দেশের বাইরের দর্শক কীভাবে গ্রহণ করে, তা দেখার ইচ্ছা ছিল। মিলনায়তনে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি এবং তাঁদের প্রতিক্রিয়া আমাদের মুগ্ধ করেছে।’