দক্ষিণাঞ্চলে যাত্রার জোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণ অঞ্চলের সবগুলো জেলাতেই যাত্রার জোয়ার বইছে। পেশাদার দলের এমন অভিনয় এর আগে খুব কমই হয়েছে। একটু দাঁড়ান—গান শুনে যান। নাগের খেল দেখে যান, নাগ-নাগিনী দেখে যান—‘চিতি আছে, বোড়া আছে, আছে পদ্মমণি-গোখরো কেউটে ডোমনা আছে, আছে কালনাগিনী।’ সুরেলা কণ্ঠে উচ্চস্বরে চিৎকার করে ডাকছে যাযাবতী একাবতী। যাত্রামঞ্চে রাত তখন দেড়টা ছুঁই ছুঁই। গানের সুরে মুগ্ধ শুকুর খাঁ। সে বেদেনীকে চায়। সচকিত একাবতী রুখে দাঁড়ায়। তার মাথায় সাপের ঝাঁপি। পরনে ঘাগরা, হাতে ডুগডুগি। যাযাবতী কুমারী একাবতীর কাজল চোখে কালনাগিনীর হাসি। খুলনার চটচটিয়া প্যান্ডেলে মন্ত্রমুগ্ধের মতো যাত্রাপালা এগোতে থাকে রাতের সঙ্গে পাল্লা দিয়ে। দর্শক তন্ময় হয়ে দেখেন। যাত্রামৌসুমের শেষ মুহূর্তে এসে এমন রোমান্টিক কিন্তু বিয়োগান্তক কাহিনির পালা উপস্থাপন করে কুশীলবেরা যেমন খুশি, তেমনি দর্শকেরাও মুগ্ধ। এ পালা দীর্ঘদিন পর মঞ্চে এনেছে কপিলমুনির প্রতিমা অপেরা। গায়নরীতির পালা হওয়ার কারণে এর দর্শকও বেশি। বছর কুড়ি আগে এই পালা প্রথম মঞ্চে নামান নিউ ভোলানাথ অপেরা। ভালো সুকণ্ঠী গায়ক, নায়ক, বিবেক, একানে লাগে পালাটিতে। প্রতিমা অভিনয় উৎকর্ষতায় উতরে গেছে। শ্যামাপদ সরকার তার স্ত্রী তরলা সরকারকে নিয়ে যাযাবরী পালা দেখেন। তাঁদের মন্তব্য হলো যাত্রায় লোকশিক্ষা হয়। আনন্দ অপেরার মুঘল-এ-আযম, চুয়া-চন্দন পালা দুটি দর্শকপ্রিয়তা পেয়েছে। মুঘল-এ-আযম পালার নায়ক নির্দেশক সেলিম রেজা বলেন, যাত্রা একটি মাত্র শিল্প, যেখানে অগ্রিম টাকা দিয়ে শিল্পী কিনতে হয়। প্রতি মুহূর্তে প্রতিযোগিতায় নামতে হয়। দর্শক রুচির সঙ্গে তাল রেখে পালা নামাতে হয়। দক্ষতার সঙ্গে চলতে না পারলে দল মার খাওয়ার ভয় থাকে। তিনি এ বছর খানকতক নতুন পালা নিয়ে ঈর্ষণীয় দর্শকপ্রিয়তা পাচ্ছেন।