
তিন হাজার বছরেরও বেশি আগের কথা। গ্রিসের স্পার্টা রাজ্যের এক সুন্দরীকে অপহরণ করে নিয়ে গেলেন ট্রয়ের রাজপুত্র প্যারিস। দুনিয়ার সেরা সুন্দরীকে নিজের করে নিতে রাজপুত্রের এই ছাড়া কী উপায় ছিল বলেন! এই সুন্দরী ছিলেন আসলে স্পার্টার সবচেয়ে সুন্দরী রানি—দ্য বিউটি কুইন অব স্পার্টা। স্পার্টার রাজা মেনিলাসের একাধিক রানি থাকলেও এই রানিকেই তার চাই-ই চাই। তাই রানিকে উদ্ধার করতে হাজার জাহাজ নিয়ে ট্রয়ের উদ্দেশে এজিয়ান সাগর পাড়ি দিল গ্রিক যোদ্ধারা। শুধু সেই সুন্দরীর জন্যই ট্রয়ের যুদ্ধক্ষেত্রে প্রাণ দিল হাজার হাজার যোদ্ধা। ধুলোয় মিশে গেল সাজানো-গোছানো ট্রয় নগর। গ্রিক পুরাণের সেই স্বর্গীয় সুন্দরী হেলেন অব ট্রয়ের গল্প ইতিহাসের পাতাতেই থাক বরং আমি আরেক হেলেনের গল্প বলি। বলিউডেও যে একজন হেলেন আছেন, তা কি আপনি জানেন? আজ আমরা তাঁরই গল্প শুনব। নাম যাঁর ইলিয়েনা ডিক্রুজ।
কিসের সঙ্গে কী পান্তা ভাতে ঘি! ব্যাপারটা কিছুই বুঝলেন না তো? ভাবছেন ইলিয়েনার সঙ্গে গ্রিক সুন্দরী দেবী হেলেনের কী সম্পর্ক? ব্যাপারটা খোলাসা করেই বলি। ইলিয়েনা নামটিই আসলে গ্রিক পুরাণ থেকে নেওয়া, যার অর্থ হলো—হেলেন। বলিউডের এই সুন্দরীও যে একদিন লাখো কোটি পুরুষহূদয়ে ঝড় তুলবেন, ইলিয়েনার মা-বাবা মনে হয় আগেভাগেই টের পেয়েছিলেন। ইলিয়েনা নাম রেখে কোনোই ভুল করেননি তাঁরা। ট্রয়ের রাজপুত্র যেমন রূপ-লাবণ্যে মুগ্ধ হয়ে প্রথম দর্শনেই হেলেনের প্রেমে পড়েছিলেন, তেমনি ইলিয়েনার দিকে একবার তাকালে চোখের দুই পাতা এক করতে পারেন না অনেকেই—পারেননি রণবীর কাপুরও। এভাবেই তো রণবীরের মনে ভালোবাসা উঁকি দিয়েছিল দার্জিলিংয়ের টয়ট্রেনের চলন্ত কামরায়। ট্রেনের জানালার ধারে বসে থাকা সেই মেয়েটিকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে ভুলেই গিয়েছিলেন তিনি বাইসাইকেলে চড়ে আছেন। অতঃপর রাস্তার ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে সংবিৎ ফিরে পাওয়া। এ তো বরফি ছবির দৃশ্য। তবে কি ইলিয়েনাকে একবার দেখেই বাস্তবে কেউ প্রেমে পড়েনি? হুম পড়েছে, পুরো দক্ষিণী ছবির জগৎটাই পড়েছে। আর তাই তো মুম্বাইয়ের মেয়ে হয়েও ইলিয়েনাই হয়েছেন দক্ষিণী ছবির রাজকন্যা।
মুম্বাইয়ে জন্ম হলেও ইলিয়েনার বেড়ে ওঠা গোয়ায়। মেয়ে একটু বড় হতেই তাকে মডেলিংয়ে নিয়ে আসতে উঠেপড়ে লেগে যান ইলিয়েনার মা। বেশ কিছু উল্লেখযোগ্য টিভি বিজ্ঞাপনের মডেল হয়ে নজরে আসেন ইলিয়েনা। দক্ষিণী ছবিতে নায়িকা হওয়ার ডাকও পেয়ে যান কৈশোর পেরোনো ইলিয়ানা। তবে ভাষা ও সংস্কৃতিগত কারণে দক্ষিণী ছবিতে অভিনয়টা তাঁর জন্য ছিল বেশ কঠিন। প্রথম দিকে তো প্রায় দিনেই সেটে গিয়ে কান্নাকাটি শুরু করে দিতেন। কিন্তু ধীরে ধীরে সব সামলে নেন ইলিয়েনা। ইলিয়েনার ভাষায়, ‘মা সব সময় পাশে ছিলেন বলেই সব সম্ভব হয়েছে।’ তাই দক্ষিণী মেয়ে না হয়েও প্রথম ছবিতেই সাফল্যের বড় চমক দেখান ইলিয়েনা। ২০০৬ সালে প্রথম তেলেগু ছবি দেভাদাসুতে অভিনয় করে দক্ষিণী ছবির জন্য বছরের সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নিয়েছিলেন ইলিয়েনা। সেই বছরেই তাঁর অভিনীত আরেকটি তেলেগু ছবি পোকিরি পায় ব্লকবাস্টার সাফল্য। এরপর জলসা (২০০৮), কিক (২০০৯), জুলায়ির (২০১২) মতো বক্স অফিস কাঁপানো সুপারডুপার হিট ছবিগুলো তাঁকে দক্ষিণী ছবির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীর আসনে নিয়ে যায়। ইলিয়েনার ক্যারিয়ারের নাকি ৯০ শতাংশ ছবিই সুপারহিট, নয়তো ব্লকবাস্টার হিট। ১৫টি তেলেগু, দুটি তামিল ও একটি কানাড়া ছবিতে অভিনয়ের সুবাদে ইলিয়েনা যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তার পুরোটাই কাজে লাগিয়েছেন ক্যারিয়ারের প্রথম হিন্দি ছবি বরফিতে। বাঙালি বধূ শ্রুতি ঘোষের চরিত্রে অভিনয় করে বলিউডেও প্রথম ছবিতেই বাজিমাত। সেরা নবাগত অভিনেত্রী পুরস্কারে ফিল্মফেয়ারসহ জি সিনে অ্যাওয়ার্ড, স্ক্রিন, স্টারডাস্ট—সবই ঝুলিতে ভরেছেন ২৫ বছরের ইলিয়েনা। অবশ্য হিন্দি ছবিতে অভিনয়ের অফার পেয়েছিলেন কয়েক বছর আগেই। সালমান খানের বিপরীতে ওয়ান্টেড ছবিতে নায়িকা চরিত্রে ইলিয়েনাকেই প্রথম পছন্দ ছিল সালমান ও পরিচালক প্রভু দেবার। কিন্তু ইলিয়েনা তখনো নাকি বলিউডমুখী হওয়ার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। গত সপ্তাহে মুক্তি পেয়েছে ইলিয়েনা অভিনীত দ্বিতীয় হিন্দি ছবি ফাটা পোস্টার নিকালা হিরো। অ্যাকশন-কমেডি ধাঁচের এ ছবিতে শহীদ কাপুরের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া বর্তমানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করছেন ইলিয়েনা। এর মধ্যে সাইফ আলি খানের নিজস্ব প্রযোজনার ছবি হ্যাপি এন্ডিং-এ প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করছেন ইলিয়েনা। ডেভিড ধাওয়ান পরিচালিত ম্যায় তেরা হিরো ছবিটিতে নতুন প্রজন্মের নায়ক বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে ইলিয়ানাকে।
সাজিদুল হক
ইন্ডিয়ান এক্সপ্রেস, মুম্বাই মিরর, ইন্ডিয়া টাইমস, বলিউড হাঙ্গামা, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, জিনিউজ, উইকিপিডিয়া অবলম্বনে