দখিন হাওয়া জাগো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যালো মাইক্রোফোন টেস্টিং। শব্দযন্ত্র পরীক্ষার এটাই রেওয়াজ। তবে তারা কবিতার পঙ্ক্তি আউড়ে, গানের কলি ভেজে শব্দযন্ত্রকে বুঝে নিচ্ছিলেন। ‘রাঙিয়ে দিয়ে যাও যাও যাওগো এবার যাবার আগে’—গানটি শুরু হলেই দর্শক-শ্রোতার নজর চলে যায় মঞ্চে। সেখানকার মেঝে ভেসে যাচ্ছিল হলুদ গাঁদা ফুলে।
মীযানুর রাহমান ও তরুণ কর্মকারের কণ্ঠে ‘বসন্ত জাগ্রত দ্বারে’ গানটি দিয়ে শুরু হলো গীতমালিকার গানের অনুষ্ঠান। রবীন্দ্রসংগীতচর্চার এ সংগঠনটি সংস্কৃতির মূল ধারাকে আঁকড়ে ধরে তাদের চর্চা চালিয়ে যাচ্ছে। গীতমালিকার শিল্পী শহীদুল হক জানালেন, প্রতি মাসে একটি করে গানের আসর এবং বছরে দুটি বড় উৎসব করেন তাঁরা।
গতকাল সন্ধ্যায় ছায়ানটের মূল মিলনায়তনে আয়োজন করা হয় রবীন্দ্রনাথের বসন্তের গান নিয়ে অনুষ্ঠান ‘বসন্ত জাগ্রত দ্বারে’। এতে ‘দখিন হাওয়া জাগো’, ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে’, ‘মোর বীণা ওঠে কোন সুরে বাজি’, ‘সহসা ডালপালা তোর উতলা যে’সহ আরও বেশ কয়েকটি সমবেত সংগীত শোনান শিল্পীরা।
একক কণ্ঠে ‘তুমি একটু কেবল বসতে দিও কাছে’, ‘কখন যে বসন্ত গেল’, ‘একটুকু ছোঁয়া লাগে’, ‘বিদায় যখন চাইবে তুমি’সহ আরও কয়েকটি গান শোনান রিদওয়ানা আফরীন, লুৎফর রহমান, তরুণ কর্মকার, শহীদুল হক ও মীযানুর রহমান।
সমবেত গানে কণ্ঠ দেন তাজিম সুলতানা, বর্ষা রাহা, ফেরদৌস জাহান।
অনুষ্ঠানের শুরুতে দর্শকদের উদ্দেশে কয়েকটি কথা বলেন গীতমালিকার জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল আলম সবুজ। তিনি বলেন, রবীন্দ্রনাথ মানুষের মঙ্গল চেয়েছিলেন। আমরা চাই এমন মানুষ দিনে দিনে বেড়ে উঠুক। এ ধরনের আয়োজনের উদ্দেশ্য সেটাই।