দনিয়া সাংস্কৃতিক জোটের বর্ষবরণ দুই যুগে
১৯৯৪ সাল থেকে প্রতিবছর স্থানীয়ভাবে পয়লা বৈশাখের আয়োজন করে রাজধানীর উপকণ্ঠে অবস্থিত দনিয়া সাংস্কৃতিক জোট। এবার তাঁদের এই আয়োজনের দুই যুগপূর্তি হবে। এবার আরও বড় পরিসরে বর্ষবরণ করবে তারা।
দনিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ প্রথম আলোকে জানান দনিয়া এলাকার ৩৭টি সংগঠন এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে এবার বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। পয়লা বৈশাখে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে দনিয়া বর্ণমালা আদর্শ স্কুল সংলগ্ন সড়কে।

স্থানীয়ভাবে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে দিনব্যাপী আয়োজন। অনুষ্ঠানে সুরতাল সংগীত একাডেমি, দনিয়া সবুজ কুড়ি কচিকাঁচার মেলা, দনিয়া পাঠাগার, সুর সাগর ললিতকলা একাডেমি, লালন পড়শী একাডেমি, বিরহী শিল্পী গোষ্ঠী, আরোহী শিল্পী গোষ্ঠী, ঢাকা একতা সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠী, সঞ্জনন আবৃত্তি চর্চা কেন্দ্র শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।
পয়লা বৈশাখ সকাল ৯টায় একে হাই স্কুল, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক শিক্ষাপ্রতিষ্ঠান এক সঙ্গে মঙ্গল শোভাযাত্রা বের করবে। এ শোভাযাত্রায় জোট ভুক্ত সংগঠন ও শিশুরা বিভিন্ন সাজে অংশগ্রহণ করবে। শোভাযাত্রা শেষে ২০০ জনকে স্থানীয় প্রতিষ্ঠান এবং জোটের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।