দনিয়ায় বিজয়ের নাট্য ও সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে বিজয়ের নাট্য ও সাংস্কৃতিক উৎসবে গতকাল মঞ্চস্থ হয় আরণ্যক নাট্যদলের নতুন নাটক দি জুবলি হোটেল l ছবি: হাসান রাজা
দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে বিজয়ের নাট্য ও সাংস্কৃতিক উৎসবে গতকাল মঞ্চস্থ হয় আরণ্যক নাট্যদলের নতুন নাটক দি জুবলি হোটেল l ছবি: হাসান রাজা

শনির আখড়া মোড়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি কলেজ চত্বরে শুরু হয়েছে নাট্য ও সাংস্কৃতিক উৎসব। উদ্বোধনের আগেই শেষ হয়ে গিয়েছিল সেদিনের নাটকের টিকিট। শুধু শিক্ষার্থীরাই নয়, এসেছিলেন আশপাশের মানুষও। আসবেন নাই-বা কেন? খ্যাতনামা সব নাটকের দল এসেছে তাদের নাটক নিয়ে।
গতকাল বুধবার সন্ধ্যায় দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে শুরু হয়েছে ১০ দিনের বিজয়ের নাট্য ও সাংস্কৃতিক উৎসব এবং বইমেলা। দনিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি মো. শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সংস্কৃতিমন্ত্রী বলেন, অবকাঠামোসহ সুযোগ-সুবিধা বাড়ছে, কিন্তু সংস্কৃতিচর্চা তেমন বাড়ছে না। আগে ভালো নাটক হতো। কিন্তু চ্যানেল ছিল একটি। আর এখন অনেক চ্যানেল, অনেক নাটক। কিন্তু মান নেই। মানুষ দেখছে না। এসব নিয়ে সামগ্রিকভাবে আমাদের ভাবতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, গোলাম কুদ্দুছ; সাংসদ হাবিবুর রহমান মোল্লা ও দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মু. সাহাদাত হুসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর মান্নান হীরার রচিত ও নির্দেশিত আরণ্যক নাট্যদলের নতুন নাটক দি জুবলি হোটেল মঞ্চস্থ হয়। ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকবে দর্শনীর বিনিময়ে নাটক, উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান ও পথনাটক। এ ছাড়া সকাল থেকে রাত পর্যন্ত কলেজ প্রাঙ্গণে থাকবে বই ও পিঠার মেলা।
আজ বৃহস্পতিবার এই মঞ্চে রয়েছে ঢাকা পদাতিকের নাটক হেফাজত। দনিয়া সাংস্কৃতিক জোটের আয়োজনে এই উৎসবে সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি।