দম্পতিদের অভিনব মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত দম্পতি মেলায় বলছেন আবদুল্লাহ আবু সায়ীদ, পাশে তাঁর স্ত্রী রওশন আরা সায়ীদ l ছবি: প্রথম আলো
বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত দম্পতি মেলায় বলছেন আবদুল্লাহ আবু সায়ীদ, পাশে তাঁর স্ত্রী রওশন আরা সায়ীদ l ছবি: প্রথম আলো

বিষয়টি অভিনব বটে। ঢাকা মহানগরের বিশ্বসাহিত্য কেন্দ্রে কাল রোববার সন্ধ্যায় বসেছিল দম্পতি মেলা। নতুন-পুরোনো যুগলদের এক তীর্থস্থান হয়ে উঠেছিল যেন মিলনায়তনটি। অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে উজ্জ্বল আহমেদ জানালেন, পুরোনো এক বন্ধুর সঙ্গে বেশ কয়েক বছর পর দেখা হওয়ার পর যখন শুনলেন, তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গেছে, তখন থেকেই তিনি এবং কয়েকজন মিলে দম্পতি সোসাইটি নামে একটি সংগঠন করার কথা ভেবেছিলেন। সংসার টিকিয়ে রাখার জন্যই ফেসবুকের মাধ্যমে তাঁরা ছড়িয়েছেন আহ্বান। পরিবারকে ঠিক রাখতে পারলেই সমাজ, রাষ্ট্র, বিশ্ব ঠিক থাকবে—এই ভাবনা থেকেই দম্পতি মেলার আয়োজন।
নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পরে শুরু হলো অনুষ্ঠান। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ যুগল জীবন নিয়ে বেশ রসিকতা করলেন। বললেন, বিয়ের আগে যে দুর্নিবার আকর্ষণ থাকে, বিয়ের পর একে অন্যকে প্রতিদিন দেখার ফলে তা আর থাকে না। সেই আকর্ষণটাই সারাজীবন টিকিয়ে রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে দম্পতিরা তাঁদের জীবনের অভিজ্ঞতা বর্ণনা করেন। ছিল সাংস্কৃতিক পরিবেশনাও। অনুষ্ঠানে অন্যদের মাঝে হাসান ইমাম ও লায়লা হাসানও উপস্থিত ছিলেন।
ভিন্ন ধরনের আয়োজনটি শুরুতে অগোছালো থাকলেও ধীরে ধীরে জমে ওঠে।