দর বাড়ালেন প্রিয়াংকা
একটি ফ্যাশন শোর র্যাম্পে হাঁটার জন্য সম্প্রতি এক কোটি ভারতীয় রুপি পারিশ্রমিক হাঁকলেন বলিউডের অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সদ্য মুক্তি পাওয়া ‘বরফি’ ছবির ব্যাপক সাফল্যের পর তাঁর পারিশ্রমিকের হঠাৎ এমন মূল্য বাড়ানোয় বিপাকে পড়েছেন আয়োজকেরা। এ জন্য তাঁরা প্রিয়াংকার পরিবর্তে অন্য কোনো তারকাকে খুঁজছেন। আগামী সপ্তাহে ভারতের রাজধানী দিল্লিতে শুরু হতে যাচ্ছে এই ফ্যাশন শো। আগে থেকেই এ ফ্যাশন শোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত ছিলেন প্রিয়াংকা। তাই তাঁকে র্যাম্পে হাঁটার প্রস্তাব দেওয়া হয়। সাধারণত এ ধরনের কাজে কমবেশি লাখ তিরিশেক রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন বলিউডের তারকারা। কিন্তু প্রিয়াংকা এক কোটি রুপি পারিশ্রমিক চেয়ে বসায় আয়োজকদের রীতিমতো আক্কেলগুড়ুম হওয়ার জোগাড় হয়েছে! এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে জানিয়েছে, এ কাজের জন্য প্রিয়াংকাকে এত বেশি অঙ্কের পারিশ্রমিক দিতে প্রস্তুত নন আয়োজকেরা। তাই তাঁর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়নি। এখন তাঁর পরিবর্তে নতুন কাউকে দিয়ে কাজটি করানো হবে।এদিকে প্রিয়াংকার ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, ‘হাতে থাকা কিছু কাজ শেষ করতে মাত্র কয়েক দিনের জন্য ভারতে এসেছেন প্রিয়াংকা। নিজের গানের অ্যালবামের মিউজিক ভিডিওর শুটিং করতে শিগগিরই তিনি লস অ্যাঞ্জেলেস যাচ্ছেন। তাই কোনো অবস্থাতেই র্যাম্পে হাঁটতে পারবেন না প্রিয়াংকা।’