মানুষের জীবনে এমন একটা সময় আসে, যখন অন্তত একবার তাকে আয়নার সামনে দাঁড়াতে হয়। সেই আয়না তাকে জিজ্ঞাসা করে, ‘কী করছ তুমি?’ ভাঙা কাচের টুকরোর মতো তখন মুখের রং, রূপ—সব ভেঙে পড়ে। বোঝা যায়, এতক্ষণে আসল মুখটা দেখা হলো। গতকাল রোববার শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ ‘দর্পণ সাক্ষী’ নাটকে মানুষের মূল্যবোধের অবক্ষয় ও আজকের সমাজের অবস্থানকে অবলোকন করেছে দর্শক। শব্দ নাট্যচর্চা কেন্দ্র প্রযোজিত এই নাটক লিখেছেন চন্দন সেন। নির্দেশনা দিয়েছেন খোরশেদুল আলম।নাটকটি হাস্যরসাত্মক। যেখানে দেখা যায় শঠতা, চাটুকারিতা, স্বার্থপরতা, দুর্নীতিপরায়ণতা, সন্ত্রাসী মনোবৃত্তি, ক্ষমতার অপব্যবহার সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। নাটকে গোলাম রাব্বানী, তার স্ত্রী নীলিমা, ছেলেমেয়ে, পুলিশের এসপি সরকার, রাজনৈতিক নেতা সুলতানুল কবির, নেতার মদদপুষ্ট সন্ত্রাসী—সবার জীবনের অতীতটা কুৎসিত, কদাকার ও অন্ধকার। সবার সেই অন্ধকার দিকটা উন্মোচিত করে দেয় বাড়ির আশ্রিত চাকর হারুন। ‘সব জেনে গেছি, সব বুঝে গেছি, মাস পয়লায় হাঁড়ি ফাটাব’—হারুনের এই সহজ-সরল কথায় সবাই ভয় পেয়ে আতঙ্কে নিজেদের গোপন পাপ স্বীকার করে। নাটকের শেষ দৃশ্যে গোলাম রাব্বানী বলে ওঠেন, ‘একটা অলৌকিক লোক আমাদের মধ্যে এসে সবাইকে কেমন জব্দ করে দিয়ে গেল। আমাদের আসল চেহারাগুলোকে স্পষ্ট করে দিয়ে গেল। নীলিমা, টেক ইট ইজি। এখন কনফেস করার সময়। ছেলেমেয়েদের সামনে সবকিছু খুলে বলো।’নাটকটি সম্পর্কে নির্দেশক বলেন, ‘আজকে আমাদের সমাজের করুণ পরিণতি মূল্যবোধের অবক্ষয়ের জন্য। এখন সময় এসেছে দিন বদলের, নয়তো মানবতার মুক্তি অসম্ভব। সেই বিষয়টিই নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’ছায়ানটের ‘দেশ ঘরের গান’প্রয়াত সংগীত ব্যক্তিত্ব ওয়াহিদুল হকের জন্মদিনকে উপলক্ষ করে ছায়ানট আয়োজন করছে ‘ওয়াহিদুল হক স্মারক দেশ ঘরের গান’। ১৬ মার্চ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় দেশ ঘরের গান অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রবীণ শিল্পী সুষমা দাশ। শুরু হবে সন্ধ্যা সাতটায়। টানা চলবে পরদিন ভোর পর্যন্ত।গতকাল রোববার ছায়ানট সংস্কৃতি-ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বক্তব্য দেন ছায়ানটের সম্পাদক খায়রুল আনাম, চন্দনা মজুমদার, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু প্রমুখ।জানানো হয়, রাতভর এই আয়োজনে থাকবে কীর্তন, জারিগান, কবিগান, বাউলগান, গম্ভীরা, ভাওয়াইয়া, পালাগান ও রাধারমণের গান। প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে নানা ক্ষেত্রে আমাদের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। এ কারণে অনেক কিছুর মতো তাদের অসামান্য সংগীত ভান্ডারের সঙ্গে আমাদের যোগসূত্র স্থায়ী হচ্ছে না। শহরে যে গানের চর্চা হচ্ছে, তা একধরনের যান্ত্রিকতায় আক্রান্ত। এখানে বাজনার আধিক্যে গান হারিয়ে যায়। আর দেশজ সংগীতে গানটাই মূল, বাজনাটা শুধু অনুঘটক হিসেবে কাজ করে। দেখা যায়, অনেক আধুনিক গানের শিল্পী দেশ-গ্রাম ঘুরে ঘুরে ‘লোকগান’ সংগ্রহ করে নিজের মতো করে গাইছেন। এতে বোঝা যায়, সেই গানের কথার সঙ্গে আমাদের নাড়ির সংযোগ রয়েছে। আয়োজকেরা বলেন, দেশ ঘরের গান আয়োজনের উদ্দেশ্য হলো বাঙালির নিজস্ব সাংস্কৃতিক অনুষঙ্গ, বিশেষত পরিবেশনা শিল্প আঙ্গিকসমূহের অকৃত্রিম উপস্থাপনার সঙ্গে নাগরিকজনের যোগসূত্র স্থাপন। পাবনায় বাউল উৎসব অনুষ্ঠিত পাবনা অফিস জানায়, বাংলাদেশ গণশিল্পী সংস্থা পাবনা জেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী বাউল উৎসবকে কেন্দ্র করে শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌরমুক্ত মঞ্চ প্রাঙ্গণ গানে আর আলোচনায় মুখরিত হয়ে উঠেছিল। লালন ফকিরের জীবন ও গান নিয়ে আলোচনার মধ্য দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসব শুরু হয়েছিল। শুক্রবার আলোচনা হয় সাধক কাঙাল হরিনাথ মজুমদারকে নিয়ে। শনিবার মরমি সাধক ও লোককাব্যগাথার অমর কীর্তিমান পুরুষ মেছের শাহেক নিয়ে আলোচনা ও গানের মধ্য দিয়ে উৎসব শেষ হয়েছে।তিন দিনের বাউল উৎসবে গান পরিবেশন করেন বাউল তোফাজ্জল হোসেন, পাগলা বাবুল, আবদুর রব ফকির, বাউল সেলিম, বাউল আবদুর রাজ্জাক প্রমুখ।