দর্শক আশানুরূপ ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>প্রতিবছরের মতো এবারও ঈদে মুক্তি পেয়েছে কয়েকটি চলচ্চিত্র। দর্শক কি ছবি দেখতে যাচ্ছেন প্রেক্ষাগৃহে? ঈদ এবং তার পরের কয়েকটি দিনের সারা দেশের প্রেক্ষাগৃহগুলোর চালচিত্র নিয়েই আমাদের এই আয়োজন। আজ থাকছে ময়মনসিংহের প্রেক্ষাগৃহগুলোর অবস্থা নিয়ে প্রতিবেদন।
দুপুর ১২টায় পূরবী সিনেমা হলের বাইরের দৃশ্য
দুপুর ১২টায় পূরবী সিনেমা হলের বাইরের দৃশ্য

এবারের ঈদের দুটি চলচ্চিত্রই ময়মনসিংহের দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে হলমুখী দর্শকের সংখ্যা কিছুটা বেশি হলেও তা আশানুরূপ ছিল না। দর্শকেরা বলছেন, সিনেমা দুটি গতানুগতিক ধঁাচের। বাড়তি কোনো আকর্ষণ নেই। শুধু উপলক্ষ ঈদ হওয়ায় তাঁরা পরিবার ও বন্ধুদের সঙ্গে হলে যাচ্ছেন।
ময়মনসিংহ শহরের পূরবী সিনেমা হলে ঈদের দিন থেকে চলছে শাকিব, অপু ও ববি অভিনীত রাজা বাবু আর ছায়াবাণী হলে চলছে আশিকী।
ঈদের পর গত সোম ও মঙ্গলবার রাতে প্রেক্ষাগৃহে গিয়ে কথা হয় সিনেমা দেখা দর্শকদের সঙ্গে। তাঁদের অনেকেই সিনেমা দুটিতে নতুন কিছুই পাননি বলে মন্তব্য করেন। একজন দর্শক বলেন, ‘আরও ১৫ বছর আগে সিনেমায় আমরা যা দেখেছি, এবারের ঈদের সিনেমায়ও তাই। সময়ের কারণে কারিগরি দিকের কিছুটা পরিবর্তন ছাড়া আর কোনো পরিবর্তন নেই।’
হল কর্তৃপক্ষের সঙ্গে কথা হলে তাঁরা জানান, ঈদের ছবি হিসেবে আশানুরূপ দর্শক না পেলেও স্বাভাবিক সময়ের চেয়ে দর্শক বেশি। তাঁরা জানান, ঈদের দিন থেকে দুটি হলের কোনোটিতেই শো ‘হাউসফুল’ হয়নি।
রাজা বাবু চলচ্চিত্রটির পরিবেশক প্রতিষ্ঠান ভাওয়াল পিকচার্সের পক্ষ থেকে ঈদের দিন থেকেই পূরবী সিনেমা হলে অবস্থান করছেন পুলক আইচ। তিনি বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি দর্শক এলেও এখনো ব্যবসার লক্ষ্য পূরণ হয়নি। তবে সময় গড়ালে প্রতিষ্ঠান ও হল-মালিক লাভের মুখ দেখবেন বলে তিনি আশা করেন।

আশিকী চলচ্চিত্র পরিবেশক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছায়াবাণী হলে আছেন আবদুর রশিদ। তিনি বলেন, হলে প্রায় এক হাজার আসন। ঈদের দিন থেকে এখন পর্যন্ত কোনো শো-ই ‘হাউসফুল’ যায়নি। হল-মালিক যে টাকা অগ্রিম দিয়ে চলচ্চিত্রটি এনেছেন, এখনো সে টাকা ওঠেনি।
চলচ্চিত্র ব্যবসার মন্দা ভাব শুরু হওয়ার পর ময়মনসিংহের অলকা ও অজন্তা নামের দুটি সিনেমা হলের ব্যবসা আগেই গুটিয়ে নিয়েছেন হল-মালিকেরা।