দর্শক কমে যাচ্ছে মহিলা সমিতিতে
বেইলি রোড নামটি শুনলেই সবার আগে মনে আসে মঞ্চনাটকের কথা। এখানে অভিজাত শাড়িঘর, সারি সারি দামি খাবারের দোকান গড়ে উঠলেও মঞ্চনাটকের কল্যাণে বেইলি রোডের প্রথম পরিচয় ‘নাটক সরণি’ হিসেবে। তবে দুঃখজনক হলেও সত্য, সেই বেইলি রোড থেকে এখন হারিয়ে যাচ্ছে নাট্যকর্মী এবং নাট্যদর্শক। নাটক সরণির বিখ্যাত নাটকের হল মহিলা সমিতিতে নাটক মঞ্চায়নে এখন আর তোড়জোড় নেই। সন্ধ্যার পর মহিলা সমিতি থেকে শুরু করে নাটক সরণির গা ঘেঁষে রাস্তার দুই ধারে দীর্ঘ পথ ধরে নাট্যকর্মী, দর্শকের আড্ডাও এখন সামান্য। মাসের ৩০ দিনের মাত্র ৮-১০ দিন মহিলা সমিতির নাটকের মঞ্চ জ্বলে ওঠে। বাকি সময়টি পড়ে থাকে অন্ধকারে। অথচ সত্তর দশকের শেষের দিকে মঞ্চনাটকের শুরুটা এখান থেকেই হয়েছিল। নব্বই দশক পর্যন্তও নাট্যকর্মী-দর্শকের জোয়ার বেইলি রোড হয়ে শান্তিনগর পর্যন্ত ছড়িয়ে যেত। এখন তা শুধুই অতীত। নাট্যকর্মীরা মনে করছেন, মহিলা সমিতির মঞ্চ সংস্কারের পরও মিলনায়তনটি আধুনিকভাবে গড়ে ওঠেনি। এখানে নিজস্ব জেনারেটর নেই। বিদ্যুৎ চলে গেলে নাটক মঞ্চায়নের মাঝপথে বসে থাকতে হয়। সবচেয়ে বড় সমস্যা ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাট। এসব সমস্যার কারণে দর্শকও আর মহিলা সমিতিতে নাটক দেখতে আগ্রহী হয় না। ফলে দলগুলো দিন দিন এখানে নাটক মঞ্চায়নের আগ্রহও হারিয়ে ফেলছে। আর সব চাপ গিয়ে এখন পড়ছে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। এ ব্যাপারে পথনাটক পরিষদের সভাপতি মান্নান হিরা বলেন, ‘মহিলা সমিতি মঞ্চ খুবই অব্যবস্থাপনায় জর্জরিত। আমার মনে হয়, কোনো দিনই কর্তৃপক্ষ মহিলা সমিতির প্রতি গুরুত্ব দেয়নি। এটাকে বাণিজ্যিকভাবে তারা দেখে আসছে। অপরিসর মঞ্চ। গ্রিন রুমের অবস্থা খুবই খারাপ। বসার চেয়ারটাও ঠিকমতো নেই। নিজস্ব জেনারেটর না থাকায় ঘন ঘন বিভ্রাটের কারণে গরমের মধ্যে সিদ্ধ হয়ে দর্শকও এখানে নাটক দেখতে আসছে না। ফলে দর্শকও কমে যাচ্ছে। এ কারণে নাটকের দলও এখানে নাটক করতে চাইছে না।’বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী বলেন, ‘মহিলা সমিতি মঞ্চে দর্শক কমে যাচ্ছে, এটা আমরা স্বীকার করছি। একই সঙ্গে অনেক দলই এখানে নাটক মঞ্চায়ন করতে চাচ্ছে না। কিন্তু আমরা থিয়েটারের এই ঐতিহ্যবাহী মিলনায়তনটিকে বাঁচিয়ে রাখতে চাই। বিদ্যুতের সমস্যার জন্য আমরা একাধিকবার ডেসার সঙ্গে কথা বলেছি। ওই এলাকার স্থানীয় বিদ্যুৎ নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গেও কথা বলেছি। তাদের কাছে অনুরোধ করেছি, সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত বেইলি রোড এলাকায় যেন বিদ্যুৎ না যায়।’ তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে নিজেদের মধ্যে আলোচনা করে নিজেদের টাকা দিয়ে মহিলা সমিতির জন্য জেনারেটর কেনার প্রস্তাব করা হয়েছে। ফেডারেশনের বাইরের দলগুলোকেও এখানে নাটক মঞ্চায়নের জন্য উৎসাহিত করা হচ্ছে। আমরা সবাইকে বারবার বলছি, মহিলা সমিতিতে নিয়মিত নাটক মঞ্চায়ন ধরে রাখার জন্য।’