দর্শক টানতে প্রেক্ষাগৃহে যাচ্ছেন শাকিব-জয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ছবির দৃশ্যে জয়া আহসান ও শাকিব খান
‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ছবির দৃশ্যে জয়া আহসান ও শাকিব খান

বাংলাদেশের ছবির প্রতি দর্শকদের আগ্রহ ইদানীং অনেকটাই বেড়েছে। গত কয়েক ঈদের ছবিগুলোর ব্যবসায়িক সাফল্যই এর প্রমাণ। এবারের ঈদে বিভিন্ন প্রেক্ষাগৃহে চারটি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে একটি হচ্ছে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’। এটি শাকিব খান ও জয়া আহসান অভিনীত প্রথম ছবি।
দর্শকদের আরও বেশি প্রেক্ষাগৃহমুখী করতে আজ ঢাকার কুড়িলে অবস্থিত যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টার প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে বসে ছবি দেখবেন শাকিব ও জয়া। আজ বিকেলে তাঁরা ছবি দেখতে প্রেক্ষাগৃহে যাবেন। ছবি দেখার পাশাপাশি শাকিব ও জয়া উপস্থিত দর্শক ও ভক্তদের সঙ্গে ছবিটি নিয়ে কথা বলবেন। ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এমনটাই নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ছবির সঙ্গে সংশ্লিষ্ট একজন প্রথম আলো ডটকমকে বলেন, ‘শাকিব ও জয়া দুজন দুই ঘরানার। প্রথমবারের মতো তাঁরা একসঙ্গে ছবিতে অভিনয় করেছেন। তাঁদের দুজনের মিলিত রসায়নটা দর্শকদের জানানো জরুরি। আর তাই দুজনকে প্রেক্ষাগৃহে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। আমাদের দেশে নায়ক-নায়িকা প্রেক্ষাগৃহে বসে ছবি দেখবেন, এই ট্রেন্ড সেভাবে চালু হয়নি। বাইরের দেশে কিন্তু এটা অহরহ হয়ে থাকে। তা ছাড়া দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করতে এর বিকল্পও নেই।’
এ ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন আরেফিন শুভ, রাজ্জাক, আনোয়ারা, সোহেল রানা, ববিতা, দিতি, সুব্রত, সাজু খাদেম, মিমো প্রমুখ।

‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান আর সবগুলো গানের কথা লিখেছেন কবির বকুল। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, ন্যান্সি, সোনিয়া, দিনাত জাহান, চন্দন সিনহা, কিশোর, মুহিন, রন্টি, তাসিফ ও শাকিব খান।