দর্শক-দৃষ্টিতে ঈদের সিনেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিকারি ছবির দৃশ্যে শ্রাবন্তী ও শাকিব খান
শিকারি ছবির দৃশ্যে শ্রাবন্তী ও শাকিব খান

এবার ঈদে মুক্তি পেয়েছে চারটি সিনেমা। তিনটির নায়ক শাকিব খান। একটিতে অভিনয় করেছেন ভারতের নায়ক জিৎ। আরেকটি ছবিতে শাকিবের সঙ্গে যৌথভাবে নায়কের ভূমিকায় ছিলেন ভারতের ইন্দ্রনীল। আর ঈদের ছবিগুলোর নায়িকারা হলেন অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, তিশা, আঁচল ও ভারতের শ্রাবন্তী। ঈদের এই ছবিগুলো নিয়ে রোজার মাঝামাঝি সময় থেকে চারদিকে ছিল ব্যাপক আলোচনা। ছবি মুক্তির আগে গান আর ট্রেলার ছেড়ে প্রেক্ষাগৃহে দর্শক টানার আপ্রাণ চেষ্টা করেছেন প্রযোজক-পরিচালকেরা। দর্শক টানতে ছবির নায়ক-নায়িকারাও নিয়েছিলেন প্রচারণার নানা কৌশল। অংশ নিয়েছেন টেলিভিশনের নানা অনুষ্ঠানেও। মুক্তি পাওয়া ছবিগুলো নিয়ে দর্শকের আগ্রহ দেখে মনে হচ্ছে, সে চেষ্টার পালে কিছুটা হলেও হাওয়া লাগাতে সক্ষম হয়েছেন ছবি-সংশ্লিষ্ট ব্যক্তিরা। ঈদের সাত দিন পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের নানা প্রেক্ষাগৃহে ছবি দেখতে যাওয়া দর্শকের সঙ্গে কথা বলে তেমনটাই জানা গেছে।
শরীয়তপুর সদরের আলোছায়া সিনেমা হলে শিকারী ছবিটি দেখতে গিয়েছিলেন ২৮ বছর বয়সী মোহাম্মদ রাহুল। দুই বছর ধরে তিনি শাকিব খানের সিনেমা দেখছেন। তাঁর মতে, বাংলাদেশে শাকিব খানের মতো হিরো খুব কমই আছে। প্রিয় নায়কের ছবিটি দেখতে ঈদের দিনই প্রেক্ষাগৃহে ছুটে যান রাহুল। টিকিট না পেয়ে বাসায় ফিরে যেতে হয় তাঁকে। পরদিন অনেক কষ্টে টিকিট জোগাড় করেন। বললেন, ‘সুযোগ পেলেই বাংলা সিনেমা দেখি। এবার শিকারী ছবিটি নিয়ে আগে থেকে আলোচনা শুনছিলাম। ইউটিউবে গানও দেখছি। দেখেই শাকিব খানকে বেশ ভালো লাগে। অপেক্ষা করছিলাম ছবিটি হলে বসে দেখার। ফাটাইয়ে দিছেন।’
কথা হয় ময়মনসিংহের গৌরীপুর এলাকার জহিরুল ইসলামের সঙ্গে। তিনি ঈশ্বরগঞ্জ থানার সোনালী টকিজে পরপর দুদিন সম্রাট ও শিকারী ছবি দুটি দেখেছেন। তাঁর কাছে শাকিব খানের সিনেমা হলেই চলে। এর বেশি আর কিছু ভাবতে চান না। বললেন, ‘আমাদের এখানকার হলের পরিবেশ খুব একটা ভালো না। তারপরও কষ্ট সহ্য করে সিনেমা দুটি দেখতে পেরেছি বলে শান্তি লাগছে।’
বগুড়ার ধুনটের ক্লিওপেট্রা সিনেমা হলে দলবল নিয়ে শিকারী দেখতে যান রাজু আহমেদ।
ঈদের দিন টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যান বাসায়। পরদিন ঠিকই টিকিট জোগাড় করে রাত নয়টার শো দেখেন। শিকারী ছবিটি দেখার পর তাঁর প্রতিক্রিয়া ছিল, ‘টিকিটের দাম যদিও দ্বিগুণ, তারপরও ছবিটি ভালোমতো দেখতে পারছি এটাই কম কিসে। কয়েক বছর পর ভালো একটি সিনেমা দেখলাম।’

সম্রাট ছবির একটি দৃশ্যে অপু বিশ্বাস ও ইন্দ্রনীল
সম্রাট ছবির একটি দৃশ্যে অপু বিশ্বাস ও ইন্দ্রনীল

ঈদের আগে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় এসেছেন আশফাকুর রহমান। সেখানে থাকা অবস্থায় শিকারী ছবির পোস্টার, ট্রেলার আর গান দেখে ছবিটি দেখার সিদ্ধান্ত নেন। ঈদের তৃতীয় দিন পর্যন্ত যমুনা ব্লকবাস্টারে চেষ্টা করেও টিকিট পাননি। চতুর্থ দিন রাগে ক্ষোভে ঠিকই ছবি দেখতে বেরিয়ে পড়েন টঙ্গীর দিকে। সেখানকার চম্পাকলি সিনেমা হলে চলছিল ‘রানা পাগলা দ্য মেন্টাল’। টিকিট কেটে হলে ঢুকে পড়েন। বিরতির আগে বেরিয়ে পড়েন। প্রথম আলোর সঙ্গে আলাপে জানালেন, ‘যতক্ষণ দেখেছি ততক্ষণে ছবিটি আমার খুব একটা ভালো লাগেনি। হয়তো পুরো ছবিটি দেখতে পারলে ভালো লাগত। কিন্তু আমাকে তার আগেই বেরিয়ে যেতে হয়।’
তবে সাভার এলাকার ব্যবসায়ী বাশারুল ইসলাম বললেন, ‘শাকিব খানের সঙ্গে তিশাকে মেন্টাল ছবিতে ভালোই লেগেছে। ছবির গানগুলোও মোটামুটি পছন্দ হয়েছে।’
ঢাকার কাঁঠালবাগানের শুভ হোসেন একটি দোকানে চাকরি করেন। এবারই প্রথম সিনেমা হলে ছবি দেখেছেন। বন্ধুদের কাছে শুনেই তিনি সোমবার ও মঙ্গলবার পরপর দুদিন দুটি ছবি দেখেন। প্রথম দিন সিনেপ্লেক্সে বাদশা আর পরদিন পূর্ণিমায় শিকারী। তাঁর কাছে দুটি ছবিই ভালো লেগেছে। বাদশা ছবিতে নুসরাত ফারিয়া ও শিকারীতে শাকিব খানকে দেখে মুগ্ধ বলেও জানান তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় পূর্ণিমা সিনেমা হলের সামনে কথা হয় ধানমন্ডির খাইরুল আলমের সঙ্গে। বন্ধুদের সঙ্গে তিনি শিকারী ছবিটি দেখতে এসেছেন। বললেন, ‘সম্রাট ছবিটিও দেখেছি। কিন্তু শিকারীর কাছে আগের ছবিগুলো ফেল। বেশ কিছুদিন আগে তিনি খোদার পরে মা ছবিটি দেখে এতটা সন্তুষ্ট হয়েছিলেন বলেও জানান।’