
লাইনে দাঁড়িয়ে চিপস খাচ্ছিলেন এক যুবক। সন্ধ্যা ছয়টার শোর টিকিটের জন্য এই লাইন। কাছে গিয়ে জানতে চাইতেই সুমন ইসলাম নামের ওই যুবক বলেন, ‘অনেক দিন হলে এসে ছবি দেখিনি, তাই ঈদের ছবিটি দেখতে এলাম। সঙ্গে বন্ধুবান্ধবও আছে।’
ঈদের দিন সোমবার বিকেল থেকে নগরের আলমাস সিনেমা হলে ছবি দেখতে ভিড় করেন সুমনরা। এখানে চলছে বস ২ ছবিটি।
ছবির দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে সদ্য যৌবনে পা দেওয়া ছেলেমেয়েদের। নিম্ন আয়ের লোকজনের সংখ্যা ছিল বেশি। পরিবার-পরিজন নিয়ে ছবি দেখতে এসেছেন—এমন দর্শক হাতে গোনা।
পোশাকশ্রমিক শাহনাজ বেগম বলেন, ‘ছুটি কম। তাই এবার চট্টগ্রামেই ঈদ করতে হয়েছে। বিকেলে বরকে নিয়ে ছবি দেখতে চলে এলাম।’
তবে সোমবার দুপুরের শোতে তেমন দর্শক হয়নি বলে দাবি করেছে হল কর্তৃপক্ষ। সিনেমা হলের তত্ত্বাবধায়ক মো. ফারুক বলেন, দুপুর ১২টার শোতে ২০ থেকে ৩০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। বেলা ৩টার শোতে ৬০ থেকে ৭০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। সন্ধ্যা ৬টার শোতে লোকজন আরও বেশি ছিল।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আলমাস সিনেমা হলের আসনসংখ্যা প্রায় ৯০০। অনেক দিন ধরে এই হল দর্শকখরায় ভুগছে। আগের সুদিন নেই। সর্বশেষ কয়েক মাস আগে আয়নাবাজি দেখতে এই হলে কিছুটা ভিড় জমেছিল। বস ২ ওই দর্শকখরা ঘোচাতে পারবে বলে মনে করছে না কর্তৃপক্ষ।