আমরা এ সপ্তাহের টিভি সমালোচনা শুরু করব গানের অনুষ্ঠান দিয়ে। ১২ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনে সরাসরি প্রচারিত হলো গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাব’। কৌশিক শংকরের উপস্থাপনায় এবারের শিল্পী ছিলেন সুজিত মোস্তফা। আমরা সবাই জানি সুজিত মোস্তফা মূলত নজরুলসংগীত শিল্পী। চমৎকার কারুকাজ ও সুরেলা কণ্ঠের জাদুতে দুই ঘণ্টারও অধিক সময় দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন তিনি। নজরুলসংগীত ছাড়া অন্যান্য সংগীতেও যে রয়েছে তাঁর সহজ বিচরণ, তা-ও তিনি প্রমাণ করেছেন এ অনুষ্ঠানেই। তাঁর গায়কির মধ্যে মাঝে মাঝে খুঁজে পাওয়া যাচ্ছিল উপমহাদেশের বিখ্যাত শিল্পী মানবেন্দ্রর ছায়া।
অন্যদিকে ১৩ জানুয়ারি শুক্রবার বৈশাখী টেলিভিশনে রাত ১১টায় আমরা দেখলাম সরাসরি প্রচারিত আরেকটি গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’। স্বাগতার উপস্থাপনায় এবারে এই অনুষ্ঠানের শিল্পী ছিলেন এ প্রজন্মের দুটি পরিচিত মুখ মুহিন ও নদী। এ অনুষ্ঠানেরও ব্যাপ্তি ছিল দুই ঘণ্টা। ব্যাপ্তি ও সময়কালে মিল থাকলেও চরিত্রে কোনো মিল ছিল না। আরও স্পষ্ট করে বললে, এ অনুষ্ঠানের কোনো সুনির্দিষ্ট চরিত্রই ছিল না। গানের নির্বাচন ছিল জগাখিচুড়ি। কখনো মৌলিক গান, কখনো রিমেক, কখনো পুরোনো দিনের গান। আর পরিবেশনা সাবলীল হলেও, কখনো কখনো মনে হয়েছে অতি আত্মবিশ্বাসী ও বিনয়ী। ভবিষ্যতে তাঁরা এ দিকগুলোতে সচেতন হবেন বলে আশা রাখি।
এবারে চলে যাই নাটক ও টেলিছবি প্রসঙ্গে। ১৩ জানুয়ারি রাত ১১টা ১৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হলো মিজানুর রহমানের রচনা ও পরিচালনায় নাটক সেই ছেলেটা।
নাটকের কাহিনি সংক্ষেপ এ রকম, হাসপাতালে মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সরবরাহকারী একটি ছেলের সঙ্গে ঘটনাক্রমে পরিচয় হয় একটি মেয়ের। মেয়েটি তার স্কুটিতে অসহায় ছেলেটিকে একদিন হাসপাতালে লিফট দেয়। তরপর আর সে তার খোঁজ পায় না। পথে, ফেসবুকে, কোথাও না পেয়ে শেষে রেডিওর লাইভ অনুষ্ঠানে সে তার ইচ্ছার কথা জানালে ছেলেটি তা জানতে পারে ও সাড়া দেয়। এরপর নির্ধারিত সময়ে মেয়েটি ছেলেটির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে স্কুটি অ্যাকসিডেন্ট করে হাসপাতালে ভর্তি হয়। অতঃপর তাদের সাক্ষাৎ হয় হাসপাতালে। মেয়েটির হাতে-মাথায় ব্যান্ডেজ। এভাবেই তাদের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠতা।
নাটকের কাহিনি ও চিত্রনাট্য আকর্ষণীয়। কিন্তু, ছেলেটিকে একটা লিফট দিয়েই মেয়েটির তার প্রেমে পড়ে যাওয়া মোটেই বাস্তবসম্মত মনে হয়নি। আবার এ জন্য তার অস্থিরতা, খোঁজাখুঁজি, এগুলোও মনে হয়েছে অবাস্তব। তবে সংলাপ গল্পের অভিনবত্ব ছিল আকর্ষণীয়। অপূর্বর পাশাপাশি কয়েকজন তরুণ অভিনেতা অভিনেত্রীর অভিনয়ও ছিল আকর্ষণীয়।
১২ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১১টায় একুশে টিভিতে নাজমুল হকের রচনা ও পরিচালনায় প্রচারিত হয় নাটক অসমাপ্ত। চারুকলার সিনিয়র-জুনিয়র দুজন ছাত্রছাত্রীর প্রেম। কোনো গল্প নেই, শুধু সংলাপের পর সংলাপ। তাদের পারিবারিক জীবনেরও কোনো ছোঁয়া নেই। শেষ দৃশ্যে ছেলেটির দুর্ঘটনার সংবাদে মেয়েটির প্রতিক্রিয়াও ছিল অস্বাভাবিক ও কৃত্রিম।
১৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচারিত হলো নাটক রুপার নূপুর। নাটকটির গল্পকাঠামো আকর্ষণীয় হলেও কিছু কিছু ক্ষেত্রে বিশ্বস্ততা হারিয়েছে। যেমন শহরের রাস্তায় দুর্ঘটনায় মৃত ব্যক্তির একা পড়ে থাকা। মোবাইলের এ যুগেও দীর্ঘদিন স্ত্রীর সংবাদ না পাওয়া, শেষ দৃশ্যে তার স্বামীর লোক মারফত নূপুর পাঠানোর বিষয়ে সন্দেহ না জাগা। ইত্যাদি করণে যথেষ্ট আকর্ষণ থাকার পরেও গল্পটি জমাট বাঁধতে পারেনি।
শেষে উল্লেখ করা যেতে পারে একটি টেলিছবির কথা। ১৩ জানুয়ারি রাত ১১টায় মাছরাঙা টিভিতে প্রচারিত হয় টেলিছবি লাভ ইন বরিশাল। টেলিছবিটিতে অনেক খ্যাতিমান অভিনেতা-অভিনেত্রীর সমাবেশ ঘটানো হয়েছে, কিন্তু কাহিনি অবাস্তব ও হাস্যকৌতুকে পরিপূর্ণ। ছবিজুড়ে কৌতুকাভিনয় আর অতি অভিনয় দিয়ে দর্শকদের মন ভোলানোর চেষ্টা করা হয়েছে, টেলিছবির জন্য যা অস্বাভাবিক ও অবাস্তব। সম্প্রতি অনেক নির্মাতার মধ্যেই এ অসুস্থ প্রবণতাটি লক্ষণীয়। তাঁদের উদ্দেশেই বলতে চাই, টেলিছবি একটি প্রতিষ্ঠিত শিল্পমাধ্যম, কৌতুকমাধ্যম নয়।