দর্শক মাতালেন হুমায়ূনও

মঞ্চে তখন পাকিস্তানের জাভেদ বশির। আর্মি স্টেডিয়াম ভর্তি দর্শক। মঞ্চের সামনের সারিবদ্ধ চেয়ার তো বটেই মাঠের গ্যালারিতেও দর্শকের ঢল। জাভেদ বশীর ততক্ষণে কণ্ঠ ঢেলেছে ‘দমাদম মাস্ত কালান্দার’ বরাবর। গানের তালে নেচে উঠলেন একদল তরুণ। যার মধ্যমণি হিসেবে দেখা গেল মাথায় ঝুঁটি বাঁধা এক তরুণকে। শুধু নাচ নয়, গান শুনতে গিয়ে যারা চুপচাপ বসে ছিলেন চেয়ারে, সামনে গিয়ে নেচে নেচে তাদের হাত ধরে তুলে আনলেন নাচের দলের মধ্যে। সমবেত নৃত্যর দল ধীর ধীরে বড় হতে থাকে তার চেষ্টায়। গান শেষ হওয়ার আগ মুহূর্তে সে দল পুরো মাঠ জুড়ে নেচে গেয়ে বেড়ায়।
জাভেদ বশিরের পরিবেশনা শেষ হতেই অপেক্ষা এ দেশের ফোক সম্রাজ্ঞী হিসেবে খ্যাত মমতাজের। একফাঁকে কথা হলো মাথায় ঝুঁটিওয়ালা সেই তরুণের সঙ্গে। ঢাকার ধানমন্ডির এ তরুণ সবে পড়াশোনা শেষ করেছেন। হাত পাকাচ্ছেন শখের ফটোগ্রাফিতে। বললেন, ‘ফেসবুকে হুমায়ূন কবির ফটোগ্রাফি লিখে সার্চ দিয়েন, সব পাবেন।’ জানালেন ডাক নাম ইমু। বন্ধুদের নিয়ে এসেছেন এই উৎসবে। গান শুনতে এসে কেউ চুপচাপ থাকুক এটা সে চায় না। তাই চেয়ার বসা ব্যক্তিদের সামনে গিয়ে নিজে যেমন নাচছেন, তেমনি নাচাচ্ছেন সবাইকে। মমতাজের গানের সময়ই নাচলেন এ তরুণ। নাচালেনও।
মেরিল নিবেদিত ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের প্রথমরাতে দেখা হলো এ তরুণের সঙ্গে। আজ রাতেই তিনি আসবেন।