দর্শক 'সংযোগ' করবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযোগ
সংযোগ

চলচ্চিত্র নির্মাণের খরচ জোগাতে গণ-অর্থায়নের পথ বেছে নিয়েছেন নির্মাতা আবু সাইয়ীদ। নতুন চলচ্চিত্র সংযোগ নির্মাণে সরাসরি জনগণের সহযোগিতা চেয়েছেন তিনি। দর্শকেরা ১০০, ১ হাজার ও ১০ হাজার টাকায় কুপন সংগ্রহ করে সরাসরি ছবিটি নির্মাণে অংশীদার হতে পারবেন। কুপনগুলো ব্যবহার করে ছবিটির একটি বিশেষ প্রদর্শনীতে যথাক্রমে ১, ২ ও ১০ জন দর্শক ঢুকতে পারবেন।
গতকাল বুধবার সকালে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনারকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন আবু সাইয়ীদ। তিনি বলেন, সংযোগ অন্যান্য বাণিজ্যিক ছবির মতো হবে না। এতে কাজ করবেন নতুন অভিনেতা-অভিনেত্রীরা। চাইলে তাঁরাও তাঁদের পারিশ্রমিকের একটি অংশ ছবির অর্থায়নের উদ্দেশ্যে ছেড়ে দিতে পারেন।
ছবিটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮৫ লাখ টাকা। আগামী ১৫ দিনের মধ্যে এই অর্থ সংগ্রহের পর ছবি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানানো হবে। আবু সাইয়ীদ বলেন, পাঁচ বছর ধরে এ রকম একটি চলচ্চিত্র নির্মাণের অপেক্ষায় আছেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১, ৩ ও ৫ লাখ টাকায় ছবিটির সিলভার, গোল্ড এবং প্লাটিনাম পৃষ্ঠপোষক হওয়া যাবে। আর এই সুযোগ পাবেন যথাক্রমে ২০, ৭ ও ৩ ব্যক্তি বা প্রতিষ্ঠান। এ ছাড়া ২, ৫ ও ১০ লাখ টাকা অনুদান দিয়ে ছবিটির সহযোগী, সহযোগী প্রযোজক ও সহপ্রযোজক হওয়া যাবে।
সংবাদ সম্মেলনের পর ‘গণ-অর্থায়ন: ‘স্বাধীন চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনা’ শীর্ষক একটি প্রবন্ধ পড়েন আহমদ মাযহার। প্রবন্ধে তিনি লিখেছেন, সরকারি অনুদান যেমন জনগণের টাকা, সেভাবে গণ-অর্থায়নও জনগণের টাকা। বাংলাদেশে এই উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা প্রচুর।
প্রবন্ধের ওপর আলোচনা করেন নাসির উদ্দীন ইউসুফ, সৈয়দ সালাহউদ্দিন জাকী, মানজারে হাসিন মুরাদ ও ফাহমিদুল হক। সেমিনারের সভাপতিত্ব করেন মফিদুল হক।
এর আগে আবু সাইয়ীদ কীত্তনখোলা, শঙ্খনাদ, নিরন্তর, বাঁশি, রূপান্তর ও অপেক্ষার মতো দর্শকনন্দিত চলচ্চিত্র নির্মাণ করেছেন।