দর্শককে নির্বোধ ও বোকা ভাবার দিন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের আলোচনার বিষয় শুধুই নাটক। এক পর্বের নাটক। গত শতকের ৭০-৮০’র দশকে বিটিভির এক পর্বের নাটক আমাদের মধ্যবিত্ত বাঙালির রুচি ও মানসগঠনে বিশেষ ভূমিকা পালন করেছিল। তখন সারা দেশে বিটিভিই ছিল একমাত্র চ্যানেল। এখন অনেক চ্যানেল, কিন্তু কারোই সেই উদ্দেশ্য ও লক্ষ্য নেই। বিটিভিরও নেই।
১২ মে রাত ৮টা ৪৫ মিনিটে বি ইউ শুভর পরিচালনায় এটিএনে প্রচারিত হলো নাটক টান। মা দিবসের আগে এমন একটি নাটক প্রচারের জন্য এটিএন কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। নাটকটিতে বিশেষভাবে দেখানো হয়েছে মায়ের প্রতি সন্তানের টান। গল্পটি এ রকম—শিশুসন্তানদের খাবার জোটাতে না পেরে চম্পার স্বামী মুরাদ পথের ধারে বটগাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তারপর সন্তানেরা কালের স্রোতে ভেসে যায়। তারই একজন আফরান নিশো বড় হয়ে বিদেশ ঘুরে এসে অনেক ধনসম্পদের মালিক। সে শিক্ষক ইনামুল হকের সহায়তায় নাড়ির টানে ছুটে আসে গ্রামে। গ্রামে এসে সেই বটতলায় সে খুঁজে পায় তার পাগলবেশী মাকে। তারপর সে মাকে ঘরে নিয়ে যায়, সেবা করে এবং দ্রুত উন্নত চিকিৎসার জন্য শহরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। মূল গল্প এটুকুই।
এক কথায় বলা যায়, নাটকটি যথেষ্ট নাটকীয়তাপূর্ণ ছিল। শুরুটা বেশ আকর্ষণীয়, কিন্তু শেষটা ছিল অত্যন্ত গতানুগতিক ও সাদামাটা। মাঝে ছোটখাটো দু-একটি ত্রুটির মধ্যে উল্লেখযোগ্য ছিল চম্পার মেকআপ। বার্ধক্যে পাগলিনী বেশে তাঁর মাথার চুলে যে মেকআপ দেওয়া হয়েছে, তা বেমানান ও অস্বাভাবিক। পাকা চুল দেখাতে গিয়ে মাথার চারদিকে টানা হয়েছে সাদা কালির রেখা। অনেকটা হিন্দি ছবি ও সিরিয়ালের মতো। নির্মাতা ও কলাকুশলীরা অনেক সময় এসব ছোট বিষয়কে আমলে নেন না। কিন্তু এসব ছোট বিষয়ের মধ্য দিয়েই গড়ে ওঠে দর্শকের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা। সেই সঙ্গে এটাও ভাবা উচিত, এক হাঁড়ি দুধে সামান্য এক ফোঁটা লেবুর রসই কিন্তু যথেষ্ট।
এরপর ১২ মে রাত ৯টা ৪৫ মিনিটে কাজল আরেফিনের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় দেশ টিভিতে প্রচারিত হলো নাটক মায়া। নাঈম ও মায়ার ব্যতিক্রমী দাম্পত্য জীবন। নাঈম সারাক্ষণ স্ত্রীর তাঁবেদারি নিয়ে ব্যস্ত। সকালে ঘুম ভাঙার আগেই নাঈম মায়ার বিছানায় নাশতা নিয়ে হাজির। তারপর কাপড় ধোয়া, ছাদে মেলা, মায়ার ফরমাশমতো ঘরকন্নার কাজ করা, তার রোগে সেবা করা, সারাক্ষণ এসব নিয়ে নাঈম অস্থির। প্রতিবেশী মেয়েটির সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলে না মায়ার ভয়ে। শেষে দেখা যায় নাঈমের মা আর ভাইয়েরা এসে জোর করে ইনজেকশন দিয়ে তাকে নিয়ে যায়। আর মায়ের বিবরণ থেকে জানা যায়, তার স্ত্রী মায়া আসলে মৃত। মায়া মারা যাওয়ার পর থেকে নাঈম মিথ্যা দাম্পত্য জীবনে মায়াকে নিয়ে ঘর করার অভিনয় করে।
নাটকটির কাহিনিতে চমক দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং বলা যায় সেটা কিছুটা সার্থকতাও পেয়েছে। কিন্তু গল্পটি দর্শকের কাছে পুরোপুরি বিকশিত হয়নি। সময়ের স্বল্পতা, নাকি লেখকের অপরিপক্বতার কারণে, মনে হয়েছে নাটকটি হঠাৎ মাঝপথে শেষ করে দেওয়া হয়েছে। বিজ্ঞাপন বেসরকারি চ্যানেলগুলোর প্রাণ, সেটা ঠিক আছে, কিন্তু অনুষ্ঠান তো সেই বিজ্ঞাপনেরই বড় আশ্রয়। ইদানীং টিভি চ্যানেলগুলো যেভাবে নাটকের সময় সংকুচিত করছে, তা দেখে মনে হয়, বিজ্ঞাপন প্রচারই তাদের লক্ষ্য, আর নাটকটা উপলক্ষ মাত্র।
১৩ মে রাত ৯টায় বিটিভিতে প্রচারিত হলো মামুন মাহমুদের প্রযোজনায় এ সপ্তাহের নাটক। নাটক ও নাট্যকারের নাম জানা সম্ভব হয়নি। কারণ, চ্যানেলটি ধরতে ধরতে টাইটেল দেখানো শেষ। ইদানীং অধিকাংশ চ্যানেলই অনুষ্ঠান চলাকালে স্ক্রলে নামধাম দেখায়, কিন্তু বিটিভি আছে তার আগের অবস্থানেই। অতএব নামধাম মিস করার পর ভাবলাম, আর না দেখি। কিন্তু তারপর অনেক স্বনামধন্য অভিনেতার সমাবেশ দেখে ভাবলাম, ঠিক আছে দেখি। এখন দেখার পর মনে হলো, ঠিক আছে দু-কথা লিখি।
প্রথমেই বলব, নাটকটির পটভূমি ছিল সুদীর্ঘ। মোটামুটি ১৩ পর্বের ধারাবাহিকের পটভূমি তুলে ধরা হয়েছে এক পর্বে। যে কারণে নাটকের মাঝামাঝি তনিমা আর হিল্লোলের কাছে আসা, বিয়ে, বাচ্চার জন্ম ও বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার এই বিশাল ঘটনা চার দৃশ্যেই শেষ।
গল্পের শুরুতে শাহেদের প্রেমিকা তনিমার কাছে প্রতিজ্ঞা করে এসে বাবার এক কথায় সব ভুলে গোপনে কানাডায় চলে যাওয়া, সেখানে বাবার বন্ধুর ব্যবসার দায়িত্ব নেওয়া, তাঁর মেয়েকে বিয়ে করা, আপন মতের বিরুদ্ধে এ যুগে এমন ঘটনা অস্বাভাবিক ও অবাস্তব। আবার শেষে দেশে ফিরে এসে অনুতপ্ত হওয়া, তনিমার কাছে ক্ষমার জন্য পথে পথে ঘোরা, ইমোশনাল ব্ল্যাকমেলের জন্য একজন বিবাহিত নারীকে বলা, ‘আমার সামনে দুটি পথ—হয় তোমাকে ফিরে পাওয়া, নয় আত্মহত্যা।’ গল্পটিকে আরও দুর্বল করে ফেলেছে। কারণ, শাহেদকে তো খল চরিত্র হিসেবেও দেখানো হয়নি।
দর্শকের কাছে আরেকটি বিষয় দৃষ্টিকটু ও বেমানান ঠেকেছে, তা হলো শাহেদ ও তনিমাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রূপে দেখানো। সময়ের ব্যবধানে অল্পবয়সীকে মেকআপ দিয়ে বৃদ্ধ দেখানোটা স্বাভাবিক, আবার বৃদ্ধকে ফ্ল্যাশব্যাকে যুবক দেখানোটাও অস্বাভাবিক নয়। কিন্তু মাঝবয়সী দুজনকে ছাত্রছাত্রী পরিচয়ে নায়ক-নায়িকা নির্বাচন করা মোটেই গ্রহণযোগ্য মনে হয়নি। বরং হাস্যকরই মনে হয়েছে। দর্শককে এতটা নির্বোধ ও বোকা ভাবার দিন কি এখনো আছে!