দর্শককে মুগ্ধ করলেন পোস্টম্যানের গায়ক
চিরকুট ও পোস্টম্যান অ্যালবাম খ্যাত শিল্পী শান্তনু বিশ্বাসের জমজমাট গানের আসর হয়ে গেল গতকাল বৃহস্পতিবার। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ‘গানে গানে হোক প্রাণের বিনিময়’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল আনন্দ সাংস্কৃতিক অঙ্গন।সন্ধ্যা সাতটায় শুরু হওয়া প্রায় দুই ঘণ্টার এই গানের আসরে নিজের লেখা ও সুর করা ১৮টি গান গাইলেন শান্তনু। তাঁর গানের বিষয় সাম্প্রতিক সময়কাল, দেশ, মানুষ ও মানুষের স্বপ্ন।আসরে শান্তনু তাঁর সাম্প্রতিক গানগুলোর পাশাপাশি গাইলেন তাঁর চারটি অ্যালবাম থেকে বাছাই করা গান।‘জীবনমরণের সীমানা ছাড়ায়ে’ রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে শুরু হয় গানের আসর। এরপর তিনি পরিবেশন করেন ‘শোনো গল্পটা এখানেই শেষ নয়’, ‘নও কাছে, নও দূরে’, ‘এখানে আমরা কজন বসে আছি’, ‘পোস্টম্যান’।এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কথাসাহিত্যিক ও অনুবাদক আলম খোরশেদ। এরপর শিল্পীকে উত্তরীয় পরিয়ে দেন লেখিকা ও শহীদজায়া বেগম মুশতারী শফী।