দর্শকদের আগ্রহ জাগিয়েছে খবরখাদ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদিন ধরে টানা হরতাল চলছে। তা সত্ত্বেও জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শন কক্ষে দৃশ্যশিল্প প্রদর্শনী খবরখাদ্য দেখতে এসেছেন অনেকেই। প্রথম আলোর ১৫ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার থেকে শুরু হয়েছে শিল্পী ওয়াকিলুর রহমানের এই প্রদর্শনী।

বাঁচার জন্য যেমন চাই খাদ্য, তেমনি সংবাদ, তথ্য-উপাত্ত—এসবও এখন আধুনিক মানুষের অনিবার্য প্রয়োজন। এই ভাবনাটিকেই শিল্পী গত ১৫ বছরের প্রথম আলোর বিভিন্ন সংবাদ, শিরোনাম, আলোকচিত্র এবং সংবাদপত্রের বিভিন্ন উপকরণ ব্যবহার করে ফুটিয়ে তুলেছেন। ১৪টি প্রজেক্টরের মাধ্যমে কক্ষের দেয়াল, ছাদ ও মেঝেতে আলো-ছায়ার নান্দনিক সম্পাতের মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরা হয়েছে।
গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ শিক্ষার্থী এসেছিলেন প্রদর্শনী দেখতে। তাঁদের মধ্যে ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের মাহমুদ আফরোজ বললেন, ‘এই প্রদর্শনীটির কথা বন্ধুবান্ধবের কাছে শুনে দেখার আগ্রহ হয়েছিল। আজ ক্লাসও তেমন হচ্ছে না। তাই চলে এসেছি। প্রদর্শনীটি অন্য রকম লাগছে। আমাদের বিভিন্ন ক্ষেত্রে যে উন্নতি ও অগ্রগতি হয়েছে, সেগুলো যেমন তুলে ধরা হয়েছে, তেমনি সহিংসতা, দুর্নীতি—এসবও তুলে ধরা হয়েছ।’
শিল্পী ওয়াকিলুর রহমান জানালেন, প্রদর্শনী উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামের শিল্পীদের অংশগ্রহণে পারফর্ম্যান্স আর্টেরও আয়োজন করা হয়েছে। আগামী শনি ও রোববার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হবে পারফর্ম্যান্স আর্ট।
খবরখাদ্য প্রদর্শনী চলবে ২২ নভেম্বর পর্যন্ত। শনি থেকে বুধবার সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাতটা, শুক্রবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সড়ে সাতটা পর্যন্ত খোলা থাকবে। বৃহস্পতিবার বন্ধ।