
সাপ্তাহিক টিভি সমালোচনায় নাটক এবং গানের অনুষ্ঠান নিয়ে আমরা নিয়মিত আলোচনা করি। আজ শুরুতে আলোচনা করব একটি লাইফ স্টাইল অনুষ্ঠান নিয়ে। গত ২৬ জানুয়ারি রাত নয়টায় বাংলাভিশনে প্রচারিত হলো অভিনেত্রী নোভার উপস্থাপনায় রূপচর্চাবিষয়ক অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’। এ দিন অতিথি ছিলেন আরেক অভিনেত্রী, চিত্রনায়িকা সিমলা। সৌন্দর্য টিপস দিয়ে অনুষ্ঠান শুরু। তারপর অভিনেত্রী সিমলার সঙ্গে কথোপকথনে উঠে আসে দৈহিক গঠন, চুল ও ত্বকের যত্ন, পোশাক-আশাকের সচেতনতা, জুতার ব্যবহার ইত্যাদি নানা প্রসঙ্গ। অনুষ্ঠানটি মেয়েদের জন্য প্রয়োজনীয় ও আকর্ষণীয়। কিন্তু নোভার উপস্থাপনা ও শব্দচয়ন সাবলীল হলেও শৈল্পিক নয়। এ ব্যাপারে তাঁর সচেতনতা প্রয়োজন।
এবার আমরা নাটক এবং টেলিছবির জগতে ফিরে আসি। টেলিভিশনে এখন নাটক ও টেলিফিল্মের জগৎটা আলো-আঁধারিতে ভরা। কোনটা যে নতুন আর কোনটা পুনঃপ্রচার, এটা কিছুতেই তারা প্রকাশ করে না। দর্শককে গোলকধাঁধায় রাখাটাই যেন তাদের উদ্দেশ্য।
গত ২৬ জানুয়ারি রাত ১০টা ৫৫ মিনিটে মাতিয়া বানু শুকুর রচনা ও পরিচালনায় এটিএন বাংলায় প্রচারিত হলো টেলিছবি কান পেতে রই। মুখ্য চরিত্রে অভিনয় করেন রিয়াজ ও মেহজাবিন। মেহজাবিন একটি রেডিওতে বিখ্যাত আরজে। রিয়াজ তার একনিষ্ঠ ভক্ত। খুদে বার্তার মাধ্যমে তাদের মধ্যে গড়ে ওঠে সখ্য। তারপর রিয়াজ একদিন সারপ্রাইজ দিতে মেহজাবিনের অফিসে গিয়ে দূর থেকে দেখতে পায় সে হুইলচেয়ারে বসা, বিকলাঙ্গ। রিয়াজ ধাক্কা খায় এবং এরপর দূর থেকেই মেহজাবিনকে অনুসরণ করে। ঘটনাক্রমে একদিন পার্কে মেহজাবিনের ডায়েরি হাতে পায় রিয়াজ। সেই ডায়েরি পড়ে সে যেন আবার নতুন করে ভালোবাসে মেহজািবনকে। এরপর একদিন লাইভ অনুষ্ঠানে ডায়েরি থেকে রিয়াজ একটি কবিতা পাঠিয়ে শক্ত মেহজাবিনকে দুর্বল করে ফেলে। অতঃপর প্রেম এবং মায়ের হস্তক্ষেপে বিয়ে। এই হলো গল্প।
পুরোটাই পরিচ্ছন্ন ও সুন্দর একটি নির্মাণ। কিন্তু শেষটা হয়েছে সাদামাটা। তবে রিয়াজ ও মেহজাবিনের অভিনয় ছিল সাবলীল ও সুন্দর।
দেশ টিভির একটি প্রশংসনীয় উদ্যোগ বিরতিহীন নাটক। গত ২৮ জানুয়ারি বেলা ১১টা ২ মিনিটে সাদাত রাসেলের রচনা ও পরিচালনায় দেশ টিভিতে প্রচারিত হলো বিরতিহীন নাটক পঙ্খিরাজ। নাটকটি পুনঃপ্রচার। শুরুতেই চক্রান্তের জালে আটকে যায় রিকশাচালক শতাব্দী ওয়াদুদ। তার রিকশা পঙ্খিরাজ মহাজন চক্রান্ত করে লুকিয়ে রাখে। বস্তির যৌনকর্মী সানজিদা সহানুভূতিতে এগিয়ে এলেও তাকে তাড়িয়ে দেয় ওয়াদুদ। তারপর রাতের আঁধারে বাপ-ব্যাটা গ্যারেজ থেকে পঙ্খিরাজকে উদ্ধার করে পালিয়ে যাওয়ার মুহূর্তে দেখা করতে যায় সানজিদার সঙ্গে। তখন হঠাৎ সানজিদা বলে বসে, আমাকে নেবে তোমাদের সঙ্গে?
সানজিদার শেষ সংলাপটি মানিক বন্দ্যোপাধ্যায়ে পদ্মা নদীর মাঝি উপন্যাসের কুবেরের প্রতি কপিলার শেষ সংলাপের মতোই মনে হয়েছে। বস্তিজীবন ফুটে উঠেছে সুন্দরভাবে। অভিনয়, চিত্রনাট্য, সংলাপ—সবই ভালো কিন্তু তবু গল্পটি যেন জমাট বাঁধেনি। কিছুটা ছাড়া ছাড়া ও দ্রুত শেষ হয়েছে বলে মনে হয়েছে। বিরতিহীন নাটক প্রচারের জন্য দেশ টিভিকে ধন্যবাদ এবং একই সঙ্গে তাদের চ্যানেলের শব্দদূষণ দ্রুত নিয়ন্ত্রণের জন্য দৃষ্টি আকর্ষণ করি।
এ ছাড়া আরও দু-একটি নাটকের কথা সংক্ষেপে উল্লেখ করি। গত ২৭ জানুয়ারি রাত ৯টা ৫ মিনিটে হুমায়ূন সাধুর রচনা ও পরিচালনায় এনটিভিতে প্রচারিত হলো নাটক আপেক্ষিক তত্ত্ব। এককথায় বলা যায়, আজগুবি গল্প। না আছে বাস্তবতার সঙ্গে কোনো মিল, না আছে কৌতুক। চিত্রনাট্য ও সংলাপ নিম্ন মানের, তার চেয়েও নিম্ন মানের অভিনয়। নাটক শেষ হওয়ার পর মনে হয়, সময়টাই বরবাদ হলো।
২৭ জানুয়ারি রাত ৯টা ৪৫ মিনিটে দেশ টিভিতে প্রচারিত হলো আরেকটি নাটক জোড়া শালিক। আপন মেয়ে ও মায়ের সঙ্গে চাচা-ভাতিজার প্রেম। তাই নিয়ে গল্প ও সংলাপ। কোনো জটিলতা নেই, নাটকীয়তা নেই, অথচ নাটক—হাস্যকর। নামকরণ দেখে মনে হচ্ছিল, নাটকের নাম জোড়া শালিক না হয়ে ‘দুই জোড়া শালিক’ হলেই বোধ হয় সোনায় সোহাগা হতো।
বিভিন্ন চ্যানেলের সাম্প্রতিক এসব নাটক ও টেলিছবি দেখি আর ভাবি, কবে যে আমাদের দর্শকদের এসব বিড়ম্বনা থেকে মুক্তি ঘটবে তা কে জানে।