এবার সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কারে বিচারকের রায়ে ও দর্শক জরিপে আধুনিক গানের শ্রেষ্ঠ শিল্পী বিভাগে দুটি পুরস্কার পেয়েছেন সামিনা চৌধুরী। পুরস্কার পাওয়ার পর কথা হলো সামিনার সঙ্গে।সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কারের দুটি উল্লেখযোগ্য বিভাগে আপনি সেরা হয়েছেন। কেমন লাগছে?‘দর্শক জরিপে বছরের সেরা শিল্পী’র পুরস্কার পেয়ে বেশি ভালো লেগেছে। আসলে আমরা তো গান করি দর্শক-শ্রোতাদের জন্যই। তারা যে মনে রেখেছে, ভোট করেছে—এটা ভেবেই বেশি পুলকিত হয়েছি। আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম ১৯৮১ সালে। জন্ম থেকে জ্বলছি ছবির গানের জন্য বাচসাস পুরস্কার। এরপর জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে অসংখ্য পুরস্কার পেয়েছি। আসলে সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কারে বিচারকের রায়ে যাঁদের সঙ্গে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেখানে ডলি সায়ন্তনী ছাড়া প্রত্যেকেই নবীন শিল্পী। ওই বিভাগে আমাকে না রাখলেই খুশি হতাম।যে অ্যালবামের গানের জন্য আপনি পুরস্কার পেয়েছেন তার নাম ‘বাসুর সুরে বাংলাদেশ’। গানের শিরোনাম হলো ‘একটি ফুল’। এটি কিন্তু দেশের গান ছিল। কেন যে বিচারকেরা একে আধুনিক গান বলেছেন, তা আমি নিজেও বুঝতে পারিনি। গানটির গীতিকার খন্দকার আবদুল মোতালেব এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন বাসুদেব ঘোষ। আমি মনে করছি, পুরস্কারটি আমরা তিনজনই পেয়েছি। অ্যালবামটিতে আমি একটি গানই গেয়েছিলাম। এই প্রতিযোগিতায় অডিও সিডি জমা দেওয়ার একটা ব্যাপার আছে।আমি এর সম্পূর্ণ বিপক্ষে। আমার অ্যালবামটি বাসুদা নাকি জমা দিয়েছেন। একজন শিল্পী, গীতিকার, সুরকার কেন পুরস্কারের জন্য তাঁর সিডি জমা দেবেন? এ ক্ষেত্রে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি। এই ধারণাটা প্রত্যাহার করা উচিত। একটি বছরে কাদের অ্যালবাম বেরিয়েছে, কে কে ভালো গান করেছে, কার লেখা ও সুর করা গান ভালো হয়েছে—এটা বাজার থেকে কিংবা বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আয়োজকদেরই সংগ্রহ করা উচিত। এর ফলে আরও অনেক শিল্পীর অংশগ্রহণ হবে। কারণ, সংগীতের ওপর এটি একটি উল্লেখযোগ্য পুরস্কার।পুরস্কার পাওয়ার পর নতুন অ্যালবামের ব্যাপারে কী ভাবছেন?আমার তো অনেকগুলো জনপ্রিয় গান রয়েছে। সেগুলো নিয়ে ফুল ফোটে ফুল ঝরে-২ অ্যালবামের কাজ করছি। এ ছাড়া মৌলিক গানের একটি অ্যালবামের কাজও হচ্ছে। বিনোদন প্রতিবেদক