দর্শকে ঠাসা মণিহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের মণিহারে ঈদের দিন থেকেই দর্শকদের ভিড় লেগে আছে
যশোরের মণিহারে ঈদের দিন থেকেই দর্শকদের ভিড় লেগে আছে
ঈদের ছবির বয়স এক সপ্তাহ পেরোল। রাজনীতি, নবাব, বস ২ নিয়ে চলছে বিস্তর আলোচনা—ভালো-মন্দ, নিয়ম-অনিয়ম। তবে দর্শক ঈদের দিন থেকে উৎসবের রীতি মনে করেই ছুটে গিয়েছেন প্রেক্ষাগৃহে। দেখেছেন ঈদের ছবি। দেশের বিভাগীয় শহরগুলোর প্রেক্ষাগৃহে ঈদ কতটা আনন্দ নিয়ে এসেছে, সেই খবর জানিয়েছেন প্রথম আলোর স্থানীয় প্রতিনিধিরা। গতকাল প্রথম পর্বে ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেটের প্রেক্ষাগৃহের চিত্র প্রকাশিত হয়েছিল। শেষ পর্বে থাকছে আরও চার শহরের চিত্র।

দেশের বৃহত্তর প্রেক্ষাগৃহ যশোরের মণিহার। ১ হাজার ৪৩০ আসনের এই প্রেক্ষাগৃহে ঈদের দিন মুক্তি পেয়েছে বস ২ ছবিটি। প্রথম দিন থেকেই ছবিটির প্রতিটি শো দর্শকে ঠাসা রয়েছে।

ঈদের পরদিন রাত নয়টায় মণিহারে গিয়ে দেখা যায় টিকিট কাউন্টারে উপচে পড়া ভিড়। কাউন্টারের পাশে কয়েকজন কালোবাজারি দাঁড়িয়ে ৮০ টাকার টিকিট ১০০ টাকা দরে বিক্রি করছেন। পরের শো দেখার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে দর্শক। প্রেক্ষাগৃহের ভেতরও পরিপূর্ণ। নির্দিষ্ট আসনের বাইরে ২০-৩০টি অতিরিক্ত চেয়ারও দেওয়া হয়েছে। তারপরও অনেকে দাঁড়িয়ে উপভোগ করছেন ছবি।

দর্শকদের একজন প্রতাপ চন্দ্র মণ্ডল বলেন, মণিহার প্রেক্ষাগৃহে এখনো পরিবারের লোকজন নিয়ে ছবি দেখার পরিবেশ আছে। অপর একজন দর্শক বললেন, ‘কী ছবি চলছে, সেটি কোনো বিষয়ই নয়। প্রতি ঈদে বন্ধুবান্ধবেরা মিলে আমরা মণিহারে ছবি দেখতে আসি। একসঙ্গে হইহুল্লোড় করি। এটাই আমাদের মজা।’ রবিউল ইসলাম নামের আরেক দর্শক বলেন, বস যত ভালো হয়েছে, বস ২ ততটা নয়। এই ছবির অনেক কিছুই গতানুগতিক। 

মণিহারের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক তোফাজ্জেল হোসেন বলেন, ঈদের দিন দুপুরের শো থেকে প্রতিটি শো হাউসফুল যাচ্ছে। ঈদে যে ছবিই হোক না কেন, দর্শকের এমনই ভিড় থাকে। তবে ভারতের নায়ক-নায়িকা থাকলে তরুণ দর্শকদের মধ্যে বাড়তি একধরনের উন্মাদনা থাকে।

কয়েকজন দর্শক অভিযোগ করলেন, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ দর্শকদের সেবা দেওয়ার ব্যাপারে ততটা আন্তরিক নয়। শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা অত্যন্ত দুর্বল। প্রচণ্ড গরমের মধ্যে বসে তিন ঘণ্টা ধরে ছবি  দেখতে হয়েছে। তা ছাড়া অনেক চেয়ার নষ্ট। বসতে কষ্ট হয়।

এ ব্যাপারে তোফাজ্জেল হোসেন বলেন, ‘সারা বছরই তো দর্শক কম থাকে। ঈদের সময় একটু বাড়ে। এ সময় শীতাতপব্যবস্থা একটু দুর্বল হয়ে যায়। কিছু চেয়ার তো ইতিমধ্যে ঠিক করা হয়েছে। তারপরও আমরা দেখছি।’