দর্শকের উপস্থিতিতেই দর্শনী
‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে দেশের চলচ্চিত্রকারদের বানানো স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপী প্রতিযোগিতামূলক এক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। নির্বাচিত চলচ্চিত্রগুলো ন্যূনতম দর্শনীর বিনিময়ে প্রদর্শন ও দর্শনীর টাকা দর্শকের উপস্থিতিতেই নির্মাতাদের হাতে তুলে দেওয়ার বিষয়টি এ উৎসবের একটি বিশেষত্ব।
এই উৎসবের পরিচালক ও সভাপতি বেলায়াত হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, উৎসবে নভেম্বর মাসের প্রদর্শনীর জন্য জমা হওয়া চলচ্চিত্র থেকে ২০টি চলচ্চিত্র নির্বাচিত করেছেন জুরিরা। নির্বাচিত হয়েছে ১৬টি স্বল্পদৈর্ঘ্য কাহিনি এবং ৪টি প্রামাণ্য চলচ্চিত্র। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে ৯টি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র এবং ১টি প্রামাণ্য চলচ্চিত্রের প্রথমবারের মতো (উদ্বোধনী প্রদর্শনী) দেখানো হবে।
বেলায়াত হোসেন বলেন, আগামীকাল ২৭ নভেম্বর শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে। নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টা। এর মধ্যে বিকেল সাড়ে ৪টায় পর্যায়ক্রমে দেখানো হবে স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র শরীফুল হক ও সাকিব মাহমুদের ‘ক্লাসরুম’ এবং শফিউল আজমের ‘লাভ এক্সপেরিয়েন্স’, আবরার কে রিয়ালের ‘গল্পের মধ্যে গল্প’, জাহিদ হাসানের ‘পায়রা’, এম আর মাসুদের ‘কাগজের নৌকা’, ইমাম হোসেনের ‘ক্লাউন’, সাইফ রাসেলের ‘একা’ অনিক মিত্রর ‘নুরজাহান’, আশিক সরকারের ‘অবশেষে’ এবং প্রামাণ্য চলচ্চিত্র রাজন তালুকদারের ‘দেড়া’ ও এম. দিদারুল করিম শিকদারের ‘পথে পথে’।
সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে ৭টি স্বল্পদৈর্ঘ্য কাহিনি ও ২টি প্রামাণ্য চলচ্চিত্রের প্রদর্শনী। এর মধ্যে রয়েছে কাজী আতিকুর রহমানের ‘ঘ্রাস’, আলিফ চৌধুরীর ‘তিনি’, নীরব রাজের ‘না’, রিয়াদ হাওলাদারের ‘টোকাই’, কামরুল আহসান সাজীদের ‘প্যাপিরাস’, সুমন হাবিবের ‘৩০১’, জাহিদ হাসানের ‘স্টে সেফ’ এবং নির্মাতা মতিউর সুমনের প্রামাণ্য চলচ্চিত্র ‘বেনারসী কথা’ ও মাহবুব হোসেনের ‘জয়িতা বন্দনা’।