দর্শকের গল্প থেকে 'ডায়েরি'

দর্শকের পাঠানো গল্প থেকে তৈরি হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। পাঁচ মিনিটের এই চলচ্চিত্রের নাম ডায়েরি। আর তাতে অভিনয় করেছেন পিয়া বিপাশা ও ইরেশ যাকের। এটি লিখেছেন ইফফাত আনজুম। পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
স্বামী-স্ত্রীর মধ্যে সারাক্ষণ ঝগড়া লেগেই থকে। কিন্তু একে অন্যকে খুব ভালোবাসেন তাঁরা। তবে কেউ কাউকে কিছু বলেন না। অব্যক্ত ভালোবাসা—এটাই গল্পের মূল বিষয়।
ডায়েরি পিয়া বিপাশার দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নতুন এই ছবি নিয়ে পিয়া বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের স্থায়িত্ব স্বল্প হলেও গল্পের বার্তা বড়। কাজটি অত সহজ নয়। অল্প সময়ের মধ্যে সেই বড় বার্তা অভিনয় দিয়ে ফুটিয়ে তুলতে হয়।’
ইরেশ যাকের বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় পূর্ণদৈর্ঘ্য ছবির মতোই গুরুত্বপূর্ণ। পাঁচ মিনিটের গল্প হলেও অনেক মজা করে কাজটি করেছি। নতুন অভিজ্ঞতাও হয়েছে আমার।’
পরিচালক বলেন, মগবাজারে গতকাল শেষ হয়েছে এর কাজ। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আরটিভিতে প্রচারিত হবে ডায়েরি।