দর্শকের গল্পের নেপথ্যে
প্রায় দুই বছর আগের এনটিভি দর্শকদের কাছ থেকে গল্প আহ্বান করেছিল। প্রায় দুই হাজার গল্প থেকে এনটিভিতে দর্শকের গল্পতে প্রচারিত হয় অসংখ্য নাটক। এখনো এসব গল্পের নাটকের প্রচার চলছে। কথাগুলো বলছিলেন এনটিভির দর্শকের গল্প ধারাবাহিকের পরিচালক দীপঙ্কর দীপন। দর্শকের গল্প ধারাবাহিকের প্রচার উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর ছায়ানট মিলনায়তনে গল্পকার, নাট্যকার, পরিচালক ও অভিনয়শিল্পীদের নিয়ে এক প্রীতি সম্মিলনের আয়োজন করা হয়। ‘দর্শকের গল্পের নেপথ্যে’ শিরোনামের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির অনুষ্ঠানপ্রধান মোস্তফা কামাল সৈয়দ, মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) খোরশেদ আলম ও দর্শকের গল্প নাটকের পরিচালক দীপঙ্কর দীপনসহ আরও অনেকে।মোস্তফা কামাল সৈয়দ বলেন, দর্শকদের ভালোবাসায় এনটিভির এত দূর আসা। দর্শকদের আরও বেশি কাছাকাছি থাকার জন্যই এনটিভির এই আয়োজন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ ছাড়া অনুষ্ঠানে দর্শকের গল্পের লেখকেরাও তাঁদের অভিজ্ঞতা ব্যক্ত করেন।অনুষ্ঠানে দর্শকের গল্প থেকে নির্বাচিত বেশ কয়েকটি নাটক উপস্থিত দর্শকদের দেখানো হয়। ফাঁকে ফাঁকে চলতে থাকে নির্বাচিত গল্পকারদের সম্মাননা প্রদানের বিষয়টিও। সব শেষে দর্শকের গল্প নাটকের নাট্যকারদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এনটিভির অনুষ্ঠানপ্রধান মোস্তফা কামাল সৈয়দ।পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লুসি তৃপ্তি গোমেজ ও সৌরভ।