দর্শকের চোখে ‘গহীনে শব্দ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে খালিদ মাহমুদ মিঠুর চলচ্চিত্র গহীনে শব্দ। এরই মধ্যে পেরিয়ে গেছে পাঁচ দিন। ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ কেমন? আর দেখার পর তাঁদের অনুভূতিটাই কেমন হয়েছে?—এমনি কিছু প্রশ্ন নিয়ে মুখোমুখি হয়েছি স্টার সিনেপ্লেক্স, মধুমিতা ও বলাকা প্রেক্ষাগৃহে। দর্শকদের অধিকাংশের মতামত এ রকম—অত্যন্ত হূদয়স্পর্শী কাহিনি। পশ্চিম রাজাবাজার এলাকার গৃহবধূ নাসরিন আক্তার বললেন, সংলাপগুলো বেশি ভালো লেগেছে। কেউ কেউ বলেছেন, শিল্পী নির্বাচন ভালো হয়েছে। তাঁদের মতে, কুসুম শিকদার, মাসুম আজিজ ও আরিফুল হকের অনবদ্য অভিনয়ের কথা আলাদা করে বলার কিছু নেই। সংলাপ আর অভিনয় এই দুই মিলে মনকে নাড়া দেয়। এ ছবিতে ইমনের অভিনয় আলাদা করে বলেছেন অনেকেই।শিশুশিল্পী শিরোপা পূর্ণার অভিনয় দেখে নাকি চোখ ভিজে গিয়েছিল মালিবাগ চৌধুরীপাড়ার কলেজছাত্রী মৌসুমীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাকারিয়া নিজেও স্বল্পদৈর্ঘ্য ছবি তৈরি করেন। তিনি বললেন, এ ছবিতে ক্যামেরার ব্যবহার একেবারে আলাদা মনে হয়েছে। রেজওয়ানা চৌধুরী বন্যার ‘তুমি আমার জীবনের গহীনে আসো’ গানটির প্রশংসা করেছেন হাসিব আহমেদ। তবে তাঁর কাছে হায়দার হোসেনের গানটিও ভালো লেগেছে। গহীনে শব্দ ছবির সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। আর ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।