দর্শকের জন্য সম্পূর্ণ এক প্যাকেজ 'ববি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ববি
ববি

‘খোঁজ-দ্য সার্চ’ দিয়েই শুরু হয়েছিল মডেল ও অভিনেত্রী ববির পথচলা। এরপর একে একে অভিনয় করেছেন ‘দেহরক্ষী’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ ছবিতে। সম্প্রতি মুক্তি পেয়েছে ববি অভিনীত ‘রাজত্ব’ ছবিটি। ইফতেখার চৌধুরী পরিচালনা করেছেন ছবিটি। চলচ্চিত্র আর ব্যক্তিগত জীবন নিয়ে ‘প্রথম আলো’কে সাক্ষাত্কার দিয়েছেন ববি।

এই মুহূর্তে ববি
আমি এই মুহূর্তে বদিউল আলম খোকনের ‘হিরো-দ্য সুপারস্টার’ এবং মোহাম্মদ হোসেনের ‘আই ডোন্ট কেয়ার’ ছবিতে কাজ করছি। ‘হিরো-দ্য সুপারস্টার’ ছবিতে আমার সহ-অভিনেতা শাকিব খান। আর বাপ্পী আছেন ‘আই ডোন্ট কেয়ার’ ছবিতে।

কেমন হচ্ছে ‘হিরো-দ্য সুপারস্টার?’
ছবিতে আমার বাবা একজন ডন। আমরা সিঙ্গাপুরে থাকি। সেখানে একটা নাচের স্কুলের শিক্ষক আমি। সেখানে পরিচয় হয় হিরোর সঙ্গে। হিরো মানে শাকিব খান। তৈরি হয় সুন্দর একটি প্রেমের গল্প। এটি ত্রিভুজ প্রেমের গল্প। এই ছবিতে সহশিল্পী অপু বিশ্বাসও আছেন।

গল্পে দেখা যাচ্ছে আপনি নাচ শেখান, আপনি কি সত্যি কোথাও নাচ শেখান?

আমি আসলে কোনো প্রতিষ্ঠান থেকে নাচ শিখিনি। এটা আমি নিজেই রপ্ত করেছি।

শাকিবের সঙ্গে ববি
শাকিবের সঙ্গে ববি

আপনার ‘রাজত্ব’ কেমন হলো?
‘রাজত্ব’ আমার পাঁচ নম্বর ছবি। দর্শকেরা অন্যান্য ছবির মতো এটাও ভালোভাবে গ্রহণ করেছেন বলে আমি কৃতজ্ঞ।

কেমন ছিল ‘রাজত্ব’র শুটিংয়ের  মুহূর্তগুলো?
চমত্কার। চেষ্টা করেছি সব সময় ভালো অভিনয় করার। একটা গানের দৃশ্য চিত্রায়ণের সময় আমাকে আর শাকিবকে ‘বাথ-টাবে’ নামতে হয়েছিল। এই দৃশ্যটি নিয়ে আমরা দ্বিধায় পড়ে গিয়েছিলাম। দর্শক এ রকম দৃশ্য কীভাবে গ্রহণ করবে, তা নিয়ে চিন্তায় ছিলাম। পরে কাজটা শেষ করার পর মনে হয়েছে দৃশ্যায়ন হয়েছে চমত্কার এবং দর্শকও তা ভালোভাবে নিয়েছেন।

‘তুমি’ ছাড়া কে আছে ববির হৃদয়ে?

এটা ‘রাজত্ব’ সিনেমার হাসিব আর দোলার গাওয়া একটা গান। ব্যক্তিগতভাবে বললে এখন আমার হৃদয়ে শুধুই চলচ্চিত্র, আর কেউ নেই।

‘আবেদনময়ী’ ববি, সবার কাছে এই পরিচয় প্রকাশ পেলে?

আমি ইতিবাচকভাবে নিয়েছি। একজন অভিনেত্রীর অনেক গুণ অর্জন করা জরুরি। বলতে পারেন ‘ববি’ হচ্ছে অভিনয়, নাচ, গান, মারপিটের সমন্বয়ে একটা  সম্পূর্ণ প্যাকেজ।

‘আবেদনময়ী’ ববি
‘আবেদনময়ী’ ববি

আপনার প্রিয় সহ-অভিনেতা কে?
সায়মন, মারুফ, বাপ্পী এবং শাকিবের সঙ্গে কাজ করে আমার ভালো লেগেছে।

প্রথম প্রেম...
শাহরুখ খানের প্রেমে পড়েছিলাম।

ববির পড়াশোনা...
ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করেছি। এখন কাজের ফাঁকে এমবিএ পড়ার কথা ভাবছি ।

ভবিষ্যত্ পরিকল্পনা কী?
দর্শকদের নতুন নতুন কাজ উপহার দিতে চাই। তাদের ভালোবাসাটা আজীবন ধরে রাখতে চাই। এখন আর মডেলিং নিয়ে এখন খুব একটা ভাবছি না। চলচ্চিত্রই এখন আমার একমাত্র আরাধনা ।

অন্য রকম এক ববি...
আমি সমাজকল্যাণমূলক কিছু কাজ করি। নারীর ক্ষমতায়ন অনেক পছন্দ আমার। সুবিধাবঞ্চিত নারীদের পাশে আমি থাকার চেষ্টা করি সব সময়। সামনে তাদের নিয়ে কাজ করার পরিকল্পনা আছে আমার।