দর্শনায় সৌমিত্রে মুগ্ধ দর্শক-শ্রোতা

ওপার বাংলার প্রখ্যাত আবৃত্তিকার কলকাতার সৌমিত্র ঘোষের কবিতায় মুগ্ধ দর্শনার সংস্কৃতিমনা পাঁচ শতাধিক দর্শক-শ্রোতা। গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার দর্শনায় অনির্বাণ থিয়েটার মঞ্চে সৌমিত্রের এই একক ‘আবৃত্তি সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজক ছিল অনির্বাণ থিয়েটার।
সন্ধ্যা ছয়টায় অনির্বাণের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের স্বাগত বক্তব্যের পর মঞ্চে আসেন সৌমিত্র ঘোষ। টানা এক ঘণ্টা ৩০ মিনিট তিনি মুখস্তর ঝাঁপি থেকে একে একে আবৃত্তি করে শোনান, রবীন্দ্রনাথ, নজরুলসহ আরো অনেক প্রখ্যাত কবির বিখ্যাত কবিতাগুলো। এ ছাড়া, প্রথমা প্রকাশিত ‘একাত্তরের চিঠি’ থেকে প্রেমিকাকে লেখা এক শহীদ মুক্তিযোদ্ধার চিঠি পড়ে শোনান। আবৃত্তির সঙ্গে পশ্চিমবঙ্গের প্রখ্যাত যন্ত্রশিল্পী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আবহ সংগীতের মূর্ছনায় মেতে ওঠে দর্শক-শ্রোতা। নাগরিক কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক আরিফের বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
শতাধিক নারীসহ পাঁচ শতাধিক দর্শক মনোমুগ্ধকর এই আবৃত্তি সন্ধ্যা উপভোগ করেন। দর্শক সারিতে উপস্থিত উদীচী চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, ‘সৌমিত্র ঘোষের আবৃত্তি অসম্ভব রকমের সুন্দর। আবহ সংগীতের তালে টানা দেড়ঘন্টা আবৃত্তি করে কবিতা শোনানোর ঘটনা বিরলই বটে।’