তমালিকা কর্মকার আরণ্যক নাট্যদলের সদস্য। কিন্তু আজ তিনি অভিনয় করবেন প্রাচ্যনাটের নাটকে। নাম মায়ের মুখ। আরনল্ড ওয়েস্কারের লেখা থেকে অনুবাদ করেছেন মুম রহমান। নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাটকটি। কথা হলো তমালিকার সঙ্গে। আরণ্যক নাট্যদলের বাইরে অন্য কোনো দলের নাটকে এবারই প্রথম অভিনয় করছেন?হ্যাঁ, মায়ের মুখ নাটকটি প্রাচ্যনাট অনেক আগে থেকেই করছে। আজ আমি তাদের সঙ্গে যোগ দিচ্ছি। আগে আরেকজন এই চরিত্রে অভিনয় করেছেন। এই নাটকে রয়েছে চারজন মায়ের গল্প। আমি একজন মা। অন্য তিন মায়ের চরিত্রে অভিনয় করছেন লুসি তৃপ্তি গোমেজ, ঋতু সাত্তার ও সাদিকা পারভীন। এ ছাড়া এখন জাতীয় নাট্যশালা রেপার্টরির টার্গেট প্লাটুন নাটকেও অভিনয় করছি।বাইরে কাজ করতে গেলে নিজ দলে কোনো সমস্যা হয়?এ ব্যাপারে আরণ্যক নাট্যদলের প্রধান মামুনুর রশীদ খুবই উদার। যখন প্রাচ্যনাট থেকে আমার জন্য বলা হলো, তিনি অনুমতি দিয়ে দিলেন। প্রাচ্যনাটে আছেন আজাদ আবুল কালাম। তিনি একসময় আরণ্যকে ছিলেন। আমি তাঁর কাছে অনেক কিছু শিখেছি। মঞ্চে আমার গুরু মামুনুর রশীদ। আরেকজন শিক্ষক আজাদ আবুল কালাম। ‘ঘেটুপুত্র কমলা’ ছবিতে আপনি ছোট একটি চরিত্রে অভিনয় করেছেন। আমি কিন্তু দেখেছি চরিত্রটি। তা কতটুকু, সেদিকে খেয়াল করিনি। হুমায়ূন আহমেদ যখন আমাকে আমন্ত্রণ জানালেন, আমি খুব খুশি হয়েছি। এর আগে আমি কীত্তনখোলা ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম।হুমায়ূন আহমেদ আপনার অভিনয় দেখে কী বলেছিলেন?দৃশ্যটি ছিল, আমি ছেলেকে বিদায় জানাচ্ছি। ওদিকে ক্যামেরার পেছনে বসে তা দেখছেন হুমায়ূন আহমেদ আর শাওন। শট শেষে দেখি, হুমায়ূন আহমেদের চোখে পানি। পরে তিনি আমার প্রশংসা করেছিলেন।