প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি উপলক্ষে উত্সবের আয়োজন করেছে নাগরিক নাট্যাঙ্গন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে দুই দিনের এই উত্সব শুরু হচ্ছে আজ বিকেল পাঁচটায়। উত্সব নিয়ে কথা হলো সংগঠনটির সাধারণ সম্পাদক লাকী ইনামের সঙ্গে।এবারের উত্সবের স্লোগান দেখছি ‘আপনারে ব্যক্ত করি আপন আলোতে’। এর মধ্য দিয়ে কী বোঝাতে চেয়েছেন?হ্যাঁ, আজ নাগরিক নাট্যাঙ্গনের ১৫ বছর পূর্তি হচ্ছে। এই সময়ে যা অর্জন করেছি, তাতে আমরা বেশ স্বয়ংসম্পূর্ণ। আজ এই সংগঠনের সবার মধ্যে সেই আত্মবিশ্বাস তৈরি হয়েছে। সেই বিশ্বাস থেকেই স্লোগানটি।উত্সবে নাটক তো নিশ্চয়ই থাকছে। সঙ্গে আর কী হবে?বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলের বাইরে তো তেমন জায়গা নেই। যতটুকু আছে, তাতেই উত্সবের সাজ দিয়েছে আমাদের দলের ছেলেমেয়েরা। হলের বহিরাঙ্গনে বিকেল পাঁচটায় থাকছে বাংলা নাটকের গানের পরিবেশনা। উত্সবের উদ্বোধন হবে সন্ধ্যা ছয়টায়। যেহেতু মাত্রই বিজয়ের মাস পেরিয়ে এলাম, তাই বিজয়ের গানও থাকবে। প্রদীপ জ্বালানো হবে। শনিবার বিকেলেও বাংলা নাটকের গান থাকবে। দুটি নাটক মঞ্চস্থ করব। আজ থাকছে ইনামুল হকের লেখা ও আমার নির্দেশনায় নাটক সেই সব দিনগুলো। কালকের নাটক প্রাগৈতিহাসিক। উত্সবের আজকের দিনটি আমরা নিবেদন করছি প্রয়াত রূপসজ্জাকর তপন দাস এবং দ্বিতীয় দিন মহিলা সমিতির প্রবীণ কর্মকর্তা প্রয়াত তারা ভাইয়ের (গোলাম নবী চৌধুরী) স্মৃতির উদ্দেশে।এনএনআইডির (নাগরিক নাট্যাঙ্গন ইনস্টিটিউট অব ড্রামা) ছাত্রছাত্রীরা নাগরিক নাট্যাঙ্গনের কাজ করার কোনো সুযোগ পায়?প্রতিবছরই এ প্রতিষ্ঠান থেকে কোর্স সম্পন্ন করা পাঁচজনকে নাগরিক নাট্যাঙ্গনে সুযোগ দেওয়া হয়। উত্সবে একটি মজার ঘটনা ঘটবে। আমরা নীরব পর্যবেক্ষণের মাধ্যমে এদের মধ্য থেকে ১১ জন ছেলেমেয়েকে বাছাই করেছি। আজ তাদের ‘নবীন নাট্যকর্মী পদক’ দেওয়া হবে। আর এ পদক তুলে দেবেন এই দলেরই পুরোনো ১১ জন সদস্য।এ ধরনের উত্সব আয়োজনের উদ্দেশ্য কী?উত্সব থেকে দলের সব সদস্য অন্যরকম এক জীবনীশক্তি ফিরে পায়। সবার চোখেমুখে থাকে আনন্দ। সবার আন্তরিকতার কারণেই একটি সফল উত্সব করা সম্ভব হয়।