দশ দিনের শিশু-কিশোর নাট্যোৎসব
বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আরও একটি উৎসবের আয়োজন করা হচ্ছে। এ উৎসবটি শিশু-কিশোরদের নাটক নিয়ে। ‘একাদশ জাতীয় শিশু-কিশোর, আদিবাসী ও অবহেলিত শিশু নাট্যোৎসব’ শিরোনামে এই উৎসবের আয়োজন করেছে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন। ১০ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন হবে ৯ মে, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, সারা দেশ থেকে প্রায় ১০০টি শিশু-কিশোর নাট্যদল অংশ নেবে এই উৎসবে। এখানে নাটক ছাড়াও থাকবে নৃত্যানুষ্ঠান। পাশাপাশি আয়োজন করা হয়েছে শিশুনাট্য কর্মশালার।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘২১ বছর যাবৎ শিশুনাট্য আন্দোলন হচ্ছে। এখন সারা দেশে ২৫২টি শিশুনাট্য সংগঠন গড়ে উঠেছে। ৫৬টি আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়েছে আমাদের শিশুরা। শিশুদের মানসিক বিকাশের জন্য সারা দেশে আয়োজন করা হচ্ছে শিশুনাট্য কর্মশালা। আশা করছি, এই উৎসবের মধ্য দিয়ে শিশুনাট্য আন্দোলন আরও ছড়িয়ে পড়বে।’ নাট্যোৎসব চলবে ১৮ মে পর্যন্ত।