দশ মিনিটে তামিল গান কণ্ঠে তুললেন বাপ্পী লাহিড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিল ভাষার ওপর কোনো দখল ছিল না বাঙালি বংশোদ্ভূত প্রখ্যাত ভারতীয় সংগীত পরিচালক ও গায়ক বাপ্পী লাহিড়ির। তারপরও মাত্র দশ মিনিটে তামিল ভাষার একটি গান কণ্ঠে তুলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ৬০ বছর বয়সী এ শিল্পী। সম্প্রতি মুক্তি প্রতীক্ষিত তামিল ছবি ‘কারুপ্পমপতি’র একটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পী লাহিড়ি। তিনি মাত্র দশ মিনিটে গানটি আয়ত্বে এনে নির্ভুলভাবে গেয়েছেন বলেই জানিয়েছেন ছবিটির সংগীত পরিচালক কানন। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘ছবিটির জন্য ডিসকো ঘরানার একটি গান গাওয়ার অনুরোধে রাজি হলে আমরা মুম্বাইয়ে অবস্থিত বাপ্পী লাহিড়ির স্টুডিওতে যাই। সেখানে মাত্র দশ মিনিটে গানটি কণ্ঠে তুলেছেন বর্ষীয়ান এ শিল্পী।’কানন আরও বলেন, ‘চার ঘণ্টায় গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। তামিল ভাষায় বাপ্পী লাহিড়ির কোনো দখল ছিল না। তারপরও মাত্র দশ মিনিটে গানটি কণ্ঠে তুলে কয়েক ঘণ্টার মধ্যে রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন তিনি। বিষয়টি আমাদেরকে সত্যিই অনেক অবাক করেছে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। ‘ডিসকো নটি নটি রাজা’ শিরোনামের গানটি ‘কারুপ্পমপতি’ ছবির শীর্ষ সংগীত হিসেবে ব্যবহূত হবে। রোমান্টিক কমেডিধর্মী ছবিটি পরিচালনা করেছেন প্রভু রাজা ছোলান। এটিই তাঁর পরিচালিত প্রথম ছবি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজমল আমির, অপর্ণা বাজপাই, অ্যালিস, অর্চনা, শ্রীনাথ, এমএস ভাস্কর প্রমুখ। শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।