দশ সুরস্রষ্টার গানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডে​ইলি স্টার-এর স্টার মেলোডিজ আয়োজিত নিয়মিত গানের আসরে গান করেন শিল্পীরা l ছবি: সংগৃহীত
ডে​ইলি স্টার-এর স্টার মেলোডিজ আয়োজিত নিয়মিত গানের আসরে গান করেন শিল্পীরা l ছবি: সংগৃহীত

কালজয়ী সুরস্রষ্টারা ব্যক্তিগত জীবনে অসুখী ছিলেন, বললেন অনুষ্ঠান সঞ্চালক। তাঁদের সুর করা গানগুলোতে মিলত সেই অসুখীর স্বর। সে জন্যই কি না কে জানে, বেদনাবহ গানগুলোই গানপ্রেমী বাঙালির হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কমল দাশগুপ্ত পর্যন্ত ১০ জন সুরস্রষ্টার গান শোনানোর আয়োজন করেছিল ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।
গতকাল শনিবার সন্ধ্যায় ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ সেমিনার মিলনায়তনে ছিল বাংলা গানের আসর। প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্তি উপলক্ষে নাগরিক গানের আয়োজনে তারা শোনাবে ২৫ জন কালজয়ী সুরস৶ষ্টার গান। রবীন্দ্রনাথ ও কমল দাসগুপ্ত ছাড়াও এ আসরে ছিল দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম, রাইচাঁদ বড়াল, শৈলেশ দত্তগুপ্ত, শচীন দেববর্মন ও হিমাংশু দত্তের গান। আর তাঁদের গানগুলো শুনিয়েছেন লাইসা আহমদ লিসা, ফাহিম হোসেন চৌধুরী, সুমন চৌধুরী, শাহীন সামাদ ও নাসিমা শাহীন। গায়ে বৃষ্টির জল ঝেরে মিলনায়তনে হাজির হয়েছিলেন পুরোনো দিনের বাংলা গানের সমঝদার শ্রোতারা। এ ধরনের গানগুলো নিয়ে নিজের স্মৃতিকাতরতার কথাও উপস্থিত সবার সঙ্গে ভাগ করে নেন তাঁদের কেউ কেউ।
অনুষ্ঠানের সঞ্চালক দ্য ডেইলি স্টার-এর সংস্কৃতি বিভাগের সম্পাদক সাদিয়া আফরিন মল্লিক খানিকটা আক্ষেপ করছিলেন। পঞ্চকবিদের নাম জানার জন্য তাঁর দপ্তরে ফোন এসেছিল। প্রচারের অভাবেই পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়দের অনেকেই চেনেন না বলেই তাঁর আফসোস।