দলের নাম উগি বুগি। সদস্যসংখ্যা দশ। এই দলে কোনো ঝগড়া হয় না। কেউ অভিমান করলে বাকিরা এসে সেটি ভাঙায়। তাঁদের সব কর্মকাণ্ড গানকে ঘিরে। সারা দেশ থেকে গানপাগল সেরা দশটি ছেলেমেয়ে করেছেন এই দল। হয়তো ভাবছেন, এ রকম দলের নাম তো আগে শুনিনি? কবে হলো এই দল? তাহলে শোনা যাক গল্পটা। চ্যানেল নাইনে প্রচারিত পাওয়ার ভয়েসে সেরা দশ ছেলেমেয়েই এই দলটি করেছেন। ঢাকার একটি ক্যাম্পে তাঁদের গান শেখা, গানের চর্চা ও আড্ডা সবই হয়। ক্যাম্পে তাঁরা প্রায়ই দুই মাসের মতো আছেন। সবার মধ্যে যেন কোনো ঝামেলা না হয় আর ভবিষ্যতে যেন গানের জগতে একে অন্যের বন্ধু হয়ে থাকতে পারেন, তাই এই দল তৈরি করা। ফলে বোঝাই যায় তাঁদের বন্ধুত্ব কতটা নিবিড় হয়েছে। ঢাকার গুলশানে পাওয়ার ভয়েসের সেরা দশের সঙ্গে কথা বলার সময় জানা গেল গল্পটি।রাজু, বেলী, কর্ণিয়া, শামীম, ইভা, সুকন্যা, মাসুম, রেশমী, সজল ও আনিকা—এই নিয়ে সেরা দশ পাওয়ার ভয়েসের। বয়সে এঁদের মধ্যে সবচেয়ে ছোট রাজু। তাঁর ভক্তও অন্যদের থেকে বেশি। এই তো পাওয়ার ভয়েস শুরু হওয়ার পর একদিন রিকশা দিয়ে যাচ্ছিলেন। পাশের রিকশায় থাকা দুটি মেয়ে তাঁকে সহজেই চিনে ফেলে। বিষয়টি অবশ্য উপভোগ করছেন রাজু। ভক্তদের জন্যই তিনি চান গানটা ভালো করে গাইতে। চট্টগ্রামের মেয়ে বেলী। শুধু গান গাইতে পারেন তা নয়, ড্রামও বাজাতে পারেন। চট্টগ্রামের স্থানীয় একটি ব্যান্ডের ড্রামার তিনি। যদিও পাওয়ার ভয়েসে আসার কারণে সময় দিতে পারছেন না সেখানে। দশজনের একজন হলেন কর্ণিয়া। সব ধরনের গানই কর্ণিয়ার কণ্ঠে ভালো মানায়—এটা তাঁর দলের বাকিদের মন্তব্য। পাওয়ার ভয়েসের একদম শুরু থেকে আছেন ইভা। শেষ পর্যন্তও থাকতে চান তিনি। কে হবেন পাওয়ার ভয়েসের বিজয়ী—এই প্রশ্ন করায় কৌশলে তাঁর নাম বাদ দিয়ে বাকি সবার নাম বলেন।নগর বাউল আর ওয়ারফেইজের দারুণ ভক্ত সজল। ঝাঁকড়া চুলের অধিকারী সজলের সাজপোশাকে একটা বাউল ভাব আছে। ব্যান্ডের গান যেমন পছন্দ আবার লালনের গানও তাঁর পছন্দ। ১৬ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশের আমন্ত্রণে প্রথম ওপেন এয়ার কনসার্ট করেন পাওয়ার ভয়েসের সেরা দশজন। সেদিন সকাল থেকেই শরীরটা ভালো ছিল না সুকন্যার। কিন্তু মঞ্চে তো ঠিকঠাকমতো গান গাইতে হবে। প্রথম কনসার্ট বলে কথা। গান শেষ হওয়ার পর মঞ্চ থেকে নেমে অজ্ঞান হয়ে পড়েন তিনি। সবাই মিলে তাঁকে নিয়ে যান হাসপাতালে। সেই হাসপাতালের চিকিৎসক তাঁকে চিনতে পারেন। বলেন, সুকন্যার গান তাঁর ভালো লাগে। শুধু তা-ই নয়, সংগীতশিল্পী কনাও সুকন্যার গান পছন্দ করেন। এ তথ্য জানা গেল সুকন্যার কাছ থেকে। পাওয়ার ভয়েসের আরেক প্রতিযোগী আনিকা। নিজেকে খুব সৌভাগ্যবান মনে করেন তিনি। একবার তিনি বাদ পড়েছিলেন। ভীষণ মন খারাপ হয়েছিল সেবার। এরপর যখন আবার ডাক এল, আনিকা ঠিক করেছেন এবারের সুযোগ কাজে লাগাতেই হবে। সেই লক্ষ্যে এগিয়ে চলেছেন শামীম ও রেশমীও। ভালো যে তাঁদের করতেই হবে। দশজনের এই দলকে সব সময় হাসি-আনন্দে মাতিয়ে রাখেন মাসুম। গানটাও ভালো গাইতে পারেন। এখন শুধু অপেক্ষা কে হবেন পাওয়ার ভয়েসের বিজয়ী। পাওয়ার ভয়েসের পরিচালক তানভীর খান বলেন, ‘আমরা চেয়েছি এমন ছেলেমেয়েকে নিতে, যাদের প্রত্যেকের বিশেষ বৈশিষ্ট্য থাকবে। এই দশের সে রকম গুণ আছে। তাদের শেখার আগ্রহ আছে। আমরা চাই ভবিষ্যতে তারা যেন ভালো করে, সেই পথটা তৈরি করে দিতে।’লেখাটি যখন ছাপা হচ্ছে, তখন পাওয়ার ভয়েস দশজন থেকে নেমে এসেছে আটে। বাদ পড়েছেন দুইজন—আনিকা ও রেশমী।