চলচ্চিত্রে শাবনূরের অভিষেক ১৯৯৩ সালে। অভিনয়ের প্রতিভায় অনেক আগেই পৌঁছে গেছেন সেরা অভিনেত্রীর শীর্ষ অবস্থানটিতে। এখনো তা ধরে রেখেছেন। সু-অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্মানসহ ১০ বার মেরিল-প্রথম আলো পুরস্কার। শাবনূর এবার তাই ‘দশে ১০’-এ।
দশে ১০
১৭ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এবং শীর্ষ অবস্থানে আছেন। এতটা সময় এক নম্বর অবস্থানে নিজেকে ধরে রাখার রহস্যটা কী?আমি তো অভিনয় করি, তাই নিজের পক্ষে এটা বলা সম্ভব নয়। তার পরও একদমই যে বিষয়টি নিয়ে ভাবি না, তা বলব না। আমার কাছে যেটা মনে হয়, আসলে আমার শুরুটা যাঁদের হাত ধরে হয়েছিল, তাঁরাই হয়তো আমাকে কোনো মন্ত্র পড়িয়ে দিয়েছিলেন। সেই মন্ত্রের জোরেই হয়তো আজও আমি কাজ করে যাচ্ছি। মন্ত্রটা কী?আমি সত্যিই খুবই ভাগ্যবতী যে ভালো কিছু চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছি। এই চরিত্রগুলোই ছিল আমার সাফল্যের মূলমন্ত্র। আমি তো শুধু চরিত্রের রূপ দিয়েছি। চেষ্টা করেছি প্রতিটি চরিত্রই বিশ্বাসযোগ্য করে পর্দায় তুলে আনতে। ক্যামেরার সামনে দাঁড়ালে চমৎকার অভিনয় করেন। হাসেন, কাঁদেন। সু-অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছেন দর্শক হূদয়ে। কিন্তু পর্দার বাইরে কোথাও কোনো অনুষ্ঠানে কিছু বলতে বলা হলে আপনি ভীষণ নার্ভাস থাকেন কেন?আমি নিজেই জানি না যে ক্যামেরার ঘড়ঘড় শব্দটা কানে যেতে আমি যেন কেমন বদলে যাই। আমার চারপাশে কী হচ্ছে, কী ঘটছে, আপনজনেরা কে কী বলেছেন, সব ভুলে যাই। যে চরিত্রটিতে অভিনয় করছি, সেই চরিত্রটির মধ্যে যেন আমি ঢুকে যাই। অন্য আমাকে খুঁজে পাই। ক্যামেরা থেমে গেলে আবার আগের জায়গায় ফিরে আসি। ক্যামেরার বাইরে আমি যেন স্বচ্ছন্দ নই। কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে পরিকল্পনা করি, যদি কিছু বলতে হয়, তবে এই কথাগুলো বলব। কিন্তু মঞ্চে ওঠার পর সবকিছু কেন যেন গুবলেট হয়ে যায়। তাই এ নিয়ে বেশি চেষ্টা আর করি না। আপনি পাঠক ভোটে এ পর্যন্ত ১০ বার মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন। কীভাবে সম্ভব হয়েছে বলুন তো?(হেসে) সত্যিই এটা বিস্ময়কর একটা ঘটনা। এবারের কথাটাই বলি। এবার কিন্তু ধরেই নিয়েছিলাম, আমি পাচ্ছি না। কিন্তু যখন আমার নাম ঘোষণা করা হলো, তখন মনে হলো এটা অসম্ভব। কিন্তু এই অসম্ভব একটি ঘটনা যে একজন মানুষের জন্য কতটা আনন্দের, সেটা শুধু আমিই উপলব্ধি করতে পেরেছি। সেই রাতের সুখস্মৃতি এখনো অনুভব করি আমি।এবার আপনি ‘বলব কথা বাসর ঘরে’ ছবিতে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার পেলেন। ২০১০ সালে কী সত্যি সত্যি আপনি বাসর ঘরে কথা বলবেন?তা তো বলব না। দেখুন, বিয়ে করে ফেললে তো শাবনূর নামের সোনার ডিম পাড়া হাঁসটির মৃত্যু হবে। এখনো তো অনেক সময় আছে। এত তাড়াতাড়ি শাবনূরের মৃত্যুসংবাদ আমি দিতে চাই না। পরিবার থেকে অনেক চাপ আছে। তবুও সবাইকে বলেছি, আপাতত বিয়ে নয়। এখন শুধু কাজ আর কাজ।যাকে আপনি পছন্দ করেন, তিনি কী এত দিন অপেক্ষা করবেন?(বড় বড় করে চোখ পাকিয়ে) আমি কখন বললাম, কাউকে পছন্দ করি! ও হ্যাঁ, দর্শকদের আমি অনেক পছন্দ করি। আমার চারপাশের মানুষজনকে অনেক ভালোবাসি। তাঁরা অবশ্যই অভিনেত্রী শাবনূরকে বাঁচাতে আরও কিছুদিন বিয়ের খবরের অপেক্ষা করবেন। (হাসতে হাসতে) যেমন কৌশলী প্রশ্ন, তেমন কৌশলী উত্তর দিলাম। কী বলেন?পর্দায় শাবনূরকে দেখা যায়, চমৎকার করে নায়কদের সঙ্গে প্রেম করতে। বাস্তব জীবনে শাবনূর কী এভাবেই তাঁর ভালোবাসার মানুষটির সঙ্গে কথা বলেন?আমি সারাক্ষণ রেগে থাকি। যখন বেশি কিছু বলতে পারি না তখন কান্না করি। (জিভ কেটে) এ মা আমি কী বললাম। হাসতে হাসতে, না না, এমনি এমনি বললাম। আসলে ভালোবাসার মানুষই তো পেলাম না।কতবার প্রেমে পেড়েছেন? ইস্। আমি পড়ি! নাকি সবাই আমার প্রেমে পড়ে? তবে হ্যাঁ, বিষয়টি আমি খুব উপভোগ করি। আর প্রেমের বয়স তো একটা ছিল। এখন আসলে সেই আবেগটা খুব বেশি কাজ করে না।নতুন পরিকল্পনা কী?আমি যাঁকে সব সময় অনুসরণ করি, তিনি শাবানা আপা। তিনি যেভাবে দীর্ঘ সময় কাজ করেছেন, যে ভালোবাসা মানুষের কাছ থেকে পেয়েছেন, আমিও তাঁর মতো করেই কাজ করে দর্শকের ভালোবাসা নিতে চাই। ইচ্ছে আছে, ছবি পরিচালনা করার। অবশ্য দাদু (এহতেশাম) বেঁচে থাকলে এত দিনে আমি পরিচালক হয়েই যেতাম। দাদু নেই, তাই অনেকটা পিছিয়ে গেছি। একটা কথা না বললেই নয়। আজ দর্শক যে শাবনূরকে দেখছেন, তার সিংহভাগ কৃতিত্ব নির্মাতা এহতেশামের। একজন এহতেশাম নেই বলেই আজ আর কোনো শাবনূরের জন্ম হচ্ছে না। এই শূন্যতা আর পূরণ হবে বলে মনে হয় না।বিশেষ কোন মুহূর্ত ভালো লাগে? রাতের ঝুম বৃষ্টি। আজও আকাশ কিছুটা মেঘলা। যদি আজ রাতে ঝুম বৃষ্টি নামত! উফ্, জানালার পাশে দাঁড়িয়ে আছি আমি। বৃষ্টির ছটা এসে আমার শরীর স্পর্শ করছে। আহ্, সে যে কী আনন্দের!