বাল্মীকি প্রতিভার পুরোভাগে রয়েছে দস্যু রত্নাকরের গল্প। রত্নাকর মহাদেবী কালীর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একটি বালিকাকে উৎসর্গের জন্য তাঁর অনুসারীদের নির্দেশ দেন। ওই বালিকার হূদয়ছোঁয়া আকুতি দস্যু রত্নাকরের মনকে আমূল পরিবর্তন করে। সে বালিকাকে বলির মঞ্চ থেকে মুক্তি দেয়। এ ঘটনা দস্যুর অনুসারীরা মেনে নিতে পারেনি। কিন্তু মানুষের প্রতি দয়াবোধের কারণে দেবী সরস্বতী তাকে আশীর্বাদ করেন, আর রত্নাকর দস্যু থেকে মহর্ষি বাল্মীকির উদ্ভব ঘটে। গীতিনাট্যের এই কাহিনিকে অবলম্বন করে নৃত্যনাট্য আঙ্গিকে কলকাতার সুকল্যাণ ভট্টাচার্যের কোরিওগ্রাফিতে ঢাকায় ১২ মার্চ মঞ্চস্থ হলো বাল্মীকি প্রতিভা।রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র ২০ বছর বয়সে লিখেছিলেন গীতিনাট্য বাল্মীকি প্রতিভা। তিনি মহর্ষি বাল্মীকির রামায়ণ থেকে অনুপ্রাণিত হয়ে দুর্ধর্ষ দস্যু রত্নাকরের কথা এ নাট্যে তুলে ধরেন। গীতিনাট্য বাল্মীকি প্রতিভার প্রথম মঞ্চায়ন হয় ১৮৮১ সালে কলকাতার বিদ্যাভাজন সমাগম সম্মিলনী মঞ্চে। রবীন্দ্রনাথ নিজেই সেখানে বাল্মীকির চরিত্রে অভিনয় করেছিলেন। সংগীত ও নাটকের মেলবন্ধনে রচিত এ গীতিনাট্য সম্পর্কে কবির ব্যাখ্যা হলো, ‘বাল্মীকি প্রতিভা হলো গানের সুরে নাট্যের মালা।’ আর এ গানগুলোকে ভর করে রবীন্দ্রনাথের জীবদ্দশায় বেশ কয়েকবার নৃত্য আয়োজন করা হয়েছিল। তবে এটি কখনো পূর্ণাঙ্গ নৃত্যনাট্য হিসেবে মঞ্চস্থ হয়নি। ১২ মার্চ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হলো নৃত্যনাট্য আঙ্গিকে গীতিনাট্য বাল্মীকি প্রতিভা। কবির ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে সুরলোক ও নৃত্যাঞ্চলের উদ্যোগে বাল্মীকি প্রতিভা মঞ্চস্থ হয়। নৃত্যানুষ্ঠানের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।বাল্মিকী প্রতিভার নৃত্য আয়োজনে—পরিবেশনার দিকটিতে বিশেষভাবে নজর রেখেছিলেন সুকল্যাণ ভট্টাচার্য। প্রথমত, বাল্মীকির চরিত্র—এখানে দুর্ধর্ষ দস্যু রত্নাকর ও অন্যান্য দস্যুর নৃত্যের ধরন এক রকমের; দ্বিতীয়ত, বনদেবীদের নৃত্য একেবারে ভিন্ন। সরস্বতীর নৃত্য পরিবেশনার সুযোগ নিতান্তই কম। কারণ, তিনি একটি রূপক চরিত্র হিসেবে মঞ্চে আসেন এবং রত্নাকরকে আশীর্বাদ করেন। কোরিওগ্রাফার দেশীয় লোকনৃত্য, কত্থক, ভরতনাট্যম, সমকালীনসহ নাচের নানা রীতির মিশেল ঘটিয়েছেন এ গীতিনাট্যে। সূচনায় ছিল বনদেবীদের একটি সম্মেলক পরিবেশনা। বাল্মীকির চরিত্রে নৃত্যাভিনয় করেন শিবলী মহম্মদ। তাঁর দস্যু রত্নাকরের ভূমিকার চেয়ে দয়াবান রত্নাকরের পরিবেশনা ছিল অনবদ্য। অন্যদিকে এ গীতিনাট্যের মূল চরিত্রটি আঁকড়ে রেখেছিলেন প্রথম দস্যু সুকল্যাণ ভট্টাচার্য। দর্শকেরা তাঁর নাচ ও অভিনয় সত্যিই উপভোগ করেছে—নৃত্য পরিবেশনা, আবেগ, চরিত্র রূপান্তরের পরিমিতিবোধ প্রশংসনীয়। বালিকা চরিত্রও সার্থক। সাধারণ দস্যুদের সংখ্যা বেশি বলে হয়তো পরিবেশনায় ক্ষণিক বিচ্ছিন্ন দেখা গেছে। তবে সামগ্রিক পরিবেশনায় পরিশ্রম ও চেষ্টার ছাপ ছিল। প্রথম দস্যুর ভূমিকায় ছিলেন সুকল্যাণ ভট্টাচার্য, সরস্বতীর ভূমিকায় ছিলেন শামীম আরা নীপা, বালিকা আফরিন সুলতানা এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেন আইরিন পারভীন, জামাল আহমেদ, সারোয়ার আহমেদ, মেহরাজ হক, মিতা আক্তার, সুজন, নিপু প্রমুখ।কীর্তন, লোক ও রাগসংগীতের সম্মিলন ছিল বাল্মীকি প্রতিভার সংগীতায়োজন। এর সূচনা হয় গম্ভীর-ভরাট গলার আবৃত্তি ও কথন দিয়ে, সেটা আনন্দের ছিল। কিন্তু দু-একটি গান স্পষ্ট বোঝা যায়নি। সংগীত পরিচালনা করেন চঞ্চল খান। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দেন মুজিবুল কাইয়ুম, গোলাম হায়দার, তপন সরকার, রোকাইয়া হাসিনা, ছায়া কর্মকার, তানজিনা পারভীন, লিলি ইসলাম, প্রিয়াঙ্কা খান, ডালিয়া আহমেদ ও দৌলাতুর রহমান। অন্যদিকে তাপস মণ্ডলের রূপসজ্জা, নূরউদ্দিনের সেট ডিজাইন এবং সুকল্যাণ ও সবুজের আলোক পরিকল্পনা দর্শকেরা মনে রাখবে।